দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, ‘মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ নিয়ে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অতীতে গণপূর্ত মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার নজর রাখছে।’
আজ বুধবার দুপুরে বরিশাল বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে মন্ত্রণালয়ের কোনো কাজেই যাতে অনিয়ম বা দুর্নীতির সুযোগ তৈরি না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা তদন্তের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি অতীতে সংঘটিত অনিয়মের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘বর্তমানে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণেও সরকার কঠোর অবস্থানে রয়েছে।’
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জানান, ইতিমধ্যে পিরোজপুর ও ঝালকাঠিতে মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সভা করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ ধরনের সভা অনুষ্ঠিত হবে। শুধু প্রশাসনের পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ ক্ষেত্রে সমাজের বিভিন্ন মানুষের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।