হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল-৩: দুই যুগ পর আসন পুনরুদ্ধার করল বিএনপি

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

জয়নুল আবেদীন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঈগল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত চূড়ান্ত বার্তায় এই তথ্য জানানো হয়। প্রায় ২৫ বছর পরে এই আসনে ১৯ হাজার ৭৩৮ ভোটের বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। সর্বশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন মঙ্গু।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৯৭ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৭১৬ জন ভোট দেন। আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩২৫ ভোট, জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৮৪ ভোট, গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন ট্রাক প্রতীকে ৮৬০ এবং বাসদ প্রার্থী আজমুল হাসান জিহাদ মই প্রতীকে পেয়েছেন ২১৪ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৩০৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৪০ হাজার ৬৩৬টি।

মুলাদী উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী কামাল হোসেন জানান, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন মঙ্গু সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে দুবার ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু নির্বাচিত হন এবং আসনটি হারায় বিএনপি। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি এবং ২০১৮ সালের নির্বাচনে জয় পায়নি। প্রায় ২৫ বছর পর এই আসনে পুনরায় বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বড় ব্যবধানে জয় পেয়েছেন।

এদিকে বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে অভিনন্দন জানিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি আজ শুক্রবার সকাল ৮টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপি মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানান।

ব্যারিস্টার ফুয়াদ লেখেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা বরিশাল-৩ আসনের (বাবুগঞ্জ-মুলাদী) ৬১ হাজার ১৯২ জন সম্মানিত ভোটারকে—যাঁরা ইনসাফ, আজাদি ও নয়া রাজনৈতিক বন্দোবস্তের জন‍্য মন দিয়ে লড়েছেন ও আমার ওপর আস্থা রেখেছেন। বিশেষভাবে কৃতজ্ঞ জামায়াত, এবি পার্টি, খেলাফত মজলিস, এনসিপিসহ ঐক‍্যবদ্ধ বাংলাদেশ জোটের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি; যাঁরা গত কয়েক সপ্তাহ জানপ্রাণ দিয়ে ঈগলের জন‍্য খেটেছেন। অভিনন্দন বিজয়ী প্রার্থী জয়নুল আবেদীনকে।’

বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন বিজয়ী

বরিশালের ৬টি আসনেই এগিয়ে ধানের শীষের প্রার্থীরা

ভোলায় ধানের শীষ ও হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ, বরিশালে যুবদল নেতা আটক

ভাই হত্যার বিচারের প্ল্যাকার্ড নিয়ে ভোটকেন্দ্রে মাসুমা হাদি

বরিশালে জামায়াত নেতার বাসভবন থেকে আটকের অভিযোগ, ৪ সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

বরিশালে লাখ টাকা, ধানের শীষের স্লিপসহ আটক ২

পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

বরিশালে এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও কেন্দ্র দখলের শঙ্কা রয়েছে: ফয়জুল করীম