হোম > সারা দেশ > বরিশাল

আড়িয়াল খাঁর পাড়ের ফসলি জমির মাটি কেটে বিক্রি, একজনকে জেল-জরিমানা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

মুলাদীতে আড়িয়াল খাঁ নদের পাড়ে দুই খননযন্ত্র রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদের পাড়ের ফসলি জমির মাটি কেটে গৌরনদী ও ঢাকার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। পন্টুনে খননযন্ত্র তুলে নদের পাড় থেকে মাটি কেটে নিচ্ছে একটি চক্র। উপজেলার মুলাদী সদর ইউনিয়নের মিয়ারচর এলাকায় নদের পাড়ে গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে সবুজ খলিফা (৫৫) নামের একজনকে আটক করে উপজেলা প্রশাসন। মুলাদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা এ অভিযান চালান। পরে এদিন রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতে সবুজ খলিফাকে ৫ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সবুজ খলিফা গৌরনদী উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোসলেম খলিফার ছেলে।

মিয়ারচর গ্রামের মো. জালাল ভূঁইয়া জানান, গৌরনদী ও বাবুগঞ্জের একটি চক্র প্রায় চার মাস ধরে মিয়ারচর এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় থেকে খননযন্ত্র (ভেকু) দিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করে আসছে। ওই চক্রটি মিয়ারচর এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছে। তারা এক মালিকের কাছ থেকে মাটি কেনার নাম করে পার্শ্ববর্তী জমির মাটি কেটে নেয়। তাদের বাধা দিলে হত্যাসহ এলাকা ছাড়া করার ভয় দেখায়। পরে মাটি কাটা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়।

জমির মালিক মো. খলিলুর রহমান সিকদার বলেন, প্রভাবশালী চক্রটি বড় পন্টুনে দুটি খননযন্ত্র তুলে আড়িয়াল খাঁ নদের পাড় থেকে মাটি কাটেন। এ ছাড়া একটি বড় খননযন্ত্র দিয়ে নদের পাড় থেকে মাটি কেটে ট্রলারে মাটি নিয়ে ইটভাটায় বিক্রি করেন। এতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে এবং নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা জানান, স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় বুধবার বিকেলে মিয়ারচর এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় সবুজ খলিফা নামের একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৫ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, নদ-নদীর পাড় থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহ কর অবৈধ। নদী ও ফসলি জমি রক্ষায় অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বরিশাল নৌবন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড়

সাঁকো থেকে পড়ে কিশোরের মৃত্যু

মুলাদীতে ৩ দিন ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন ৬ ইউনিয়ন, ভোগান্তিতে দুই লক্ষাধিক মানুষ

বরিশালে ঈদুল আজহা উদ্‌যাপন

ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা হলে নৌযানের সনদ বাতিল: নৌ প্রতিমন্ত্রী

বরিশালে ঈদের ৮টি বড় জামাতের সময়সূচি

কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি

মেঘনায় নৌকা ডুবে নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার

বরিশাল মেডিকেলের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত