হোম > সারা দেশ > বাগেরহাট

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালুর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ঝনঝনিয়া এলাকায় ‘আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

‘আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম, বাগেরহাটের সিভিল সার্জন এস এম মাহবুব হক, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস তামান্না ফেরদৌসী, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সুকান্ত কুমার পাল।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন চিকিৎসক ও সমাজের নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকেরা জানান, রামপাল উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই সেন্টারে এই প্রথম ক্যানসার শনাক্তকরণ কার্যক্রম শুরু হলো। এখান থেকে সাধারণ মানুষ স্বল্পমূল্যে ব্রেস্ট ক্যানসার, জরায়ু ক্যানসার, কিডনি রোগ, ফুসফুস ক্যানসার, শিশুদের বিভিন্ন ক্যানসারসহ সব ধরনের অসংক্রামক রোগের পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন।

আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম রেজা জানান, চিকিৎসার পাশাপাশি উপকূলীয় অঞ্চলের মানুষকে বিভিন্ন ব্যাধি সম্পর্কে সচেতন করার উদ্যোগও নেওয়া হবে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রত্যন্ত এলাকায় হলেও হাসপাতালটির উন্নত কারিগরি দক্ষতা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই হাসপাতাল বাংলাদেশে একটি বিশেষ অবস্থান তৈরি করবে। আগামীতে সারা দেশের মানুষ এখান থেকে উপকৃত হবে এবং অনলাইনেও সেবা নিতে পারবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতালটিতে যে আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি, কানেকটিভিটি ও নেটওয়ার্ক রয়েছে, তার মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ এর সেবার আওতায় চলে আসবে।

অনুষ্ঠানে বাগেরহাটের ১০০ জন দরিদ্র ও দুস্থ রোগীর বিনামূল্যে ক্যানসার পরীক্ষার জন্য ব্যক্তিগতভাবে অর্থায়নের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।