বাগেরহাটের শরণখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি যানবাহনে ধাক্কা দিয়েছে ‘হামিম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস। এতে মো. হানিফ ব্যাপারী (৭০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ ব্যাপারী শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের নুর ব্যাপারীর ছেলে।
আহত ব্যক্তিরা হলেন খোন্তাকাটা গ্রামের সুরমা বেগম (৩৫), রাজৈর গ্রামের মো. হানিফ হাওলাদার (৪৫) এবং চালিতাবুনিয়া গ্রামের মো. সোহেল হাওলাদার। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) উদয় শঙ্কর বলেন, নিহতের মরদেহ শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ইজিবাইকসহ অন্যান্য যানবাহন পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।