হোম > সারা দেশ > বাগেরহাট

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

রাজিব আল রশীদ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশীদ মারা গেছেন। গতকাল বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে অসুস্থ হয়ে পড়েন ওসি রাজিব আল রশীদ। রাতে তাঁকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় পরে তাঁকে খুলনা হেলথকেয়ার ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রামপাল থানা প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

বাদ জোহর খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় তাঁর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর রহমান বলেন, রামপাল থানার ওসি রাজিব আল রশীদ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল বুধবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খুলনা হেলথকেয়ার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জামিলুর রহমান আরও বলেন, পুলিশের রীতিনীতি অনুযায়ী তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার পুলিশ সদস্যরা অংশ নিয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ নিজ বাড়ি রূপসার আইচগাতীতে পাঠানো হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।