হোম > সারা দেশ > বাগেরহাট

নিরাপত্তাশঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বাগেরহাট প্রতিনিধি

গোপালগঞ্জে সড়কে সংঘাত এবং যানবাহনের নিরাপত্তাহীনতার কারণে বাগেরহাট থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে সড়কে সংঘাত এবং যানবাহনের নিরাপত্তাহীনতার কারণে বাগেরহাট থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে অঘোষিতভাবে এ সিদ্ধান্ত কার্যকর হয়। আজ রোববার দিনভর বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে খুলনাসহ জেলার অভ্যন্তরীণ ও স্থানীয় রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস মালিক ও টিকিট বিক্রেতারা বলছেন, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বাস চলাচল শুরু হবে।

দোলা পরিবহনের টিকিট বিক্রেতা মো. আলাল বলেন, গোপালগঞ্জের পরিস্থিতির কারণে বাগেরহাট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকাগামী যাত্রীর সংখ্যাও কম। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হবে।

দিগন্ত পরিবহনের টিকিট বিক্রেতা লিটন খান বলেন, লকডাউনের এই দুই দিন দিনের বেলায় দূরপাল্লার বাস চলাচল করবে না। রাতে বিকল্প পথে বাস চালানোর পরিকল্পনা রয়েছে।

বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা বলেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়কে সংঘাত এবং যানবাহনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে ঢাকাগামী বাস চালানোর পরিকল্পনা করেছিল। তবে আজ সকালে নিরাপত্তাশঙ্কা ও যাত্রীসংকটের কারণে বাগেরহাট থেকে সব ধরনের দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।