হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে ১০টি একনলা বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, খুলনা

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ। ছবি: সংগৃহীত

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটারগান ও ৪টি বন্দুকের পাইপ। এ ছাড়া ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও ২টি ওয়াকিটকি পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের বনদস্যুদের নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে।

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাতির উদ্দেশে একটি দল খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গভীরে অস্ত্র ও গোলাবারুদ মজুত রেখেছে। এ তথ্যের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সেখানে অভিযান চালায়।

অভিযানকালে বনের ভেতরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ডাকাতদলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি টহল বাড়ানো হয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।