হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থী নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

আসাদুজ্জামান ও সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থী এক নারীকে (২০) অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ওই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত মো. সাইফুল ইসলাম কচুয়া উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর এবং আসাদুজ্জামান স্কানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেইন অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

ওই নারী জানান, প্রায় দুই মাস আগে ভোটার হওয়ার জন্য কচুয়া নির্বাচন অফিসে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে দাখিল করা নথিপত্র থেকে মোবাইল নম্বর সংগ্রহ করেন ওই অফিসের কর্মচারী মো. সাইফুল ইসলাম ও মো. আসাদুজ্জামান। নম্বর সংগ্রহের পর থেকে ওই দুই কর্মচারী কাজের অজুহাতে তাঁকে বারবার অফিসে ডাকতেন এবং ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করতেন। একপর্যায়ে কৌশলে ইমো ভিডিও কলের মাধ্যমে তাঁর ছবি ও ভিডিও ধারণ করা হয়।

ওই নারী বলেন, সাইফুল ও আসাদুজ্জামান তাঁকে ভোটার কার্ড করে দেওয়ার বিনিময়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ধারণ করা ছবি ও ভিডিও তাঁর স্বামী ও পরিবারের কাছে পাঠিয়ে সংসার ভেঙে দেওয়ার হুমকি দেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি ও তাঁদের চাকরি থেকে অপসারণ দাবি করেন ভুক্তভোগী নারী।

অভিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটর মো. সাইফুল ইসলাম বলেন, ‘কাজের প্রয়োজনে কয়েক দিন কথা বলেছি। ওই মেয়েও আমাকে ফোন করেছে। বারবার কথা হয়েছে। পরে আমি বলেছি, তোমার তো স্বামী-সন্তান আছে, আমাকে ফোন করো কেন।’

কাজের প্রয়োজনে মোবাইলে কথা বলবেন, ইমোতে কেন কথা বললেন—এমন প্রশ্ন করলে সাইফুল বলেন, ‘এটা যদি ভুল হয়, আমি ভুল করেছি। তবে তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করিনি।’

এ বিষয়ে কথা বলার জন্য আসাদুজ্জামানকে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি।

কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহরিয়ার আলম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যেহেতু ওই নারী আমার কাছে লিখিত অভিযোগ করেননি, তাই আমরা আমাদের মতো ব্যবস্থা গ্রহণ করব।’

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাগেরহাটে তুচ্ছ বিষয় নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

লিভার সিরোসিসে অনিশ্চিত সোহাগের জীবন, নিভছে বাবার কিডনিতে বাঁচার স্বপ্ন

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে রেকর্ড

উপকূলের হতদরিদ্র পরিবারগুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদ

বজ্রপাতে পুড়ে ছাই দিনমজুরের ঘর

প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র: ১৪ বছর ধরে কার্যক্রম নেই প্রশিক্ষণকেন্দ্রে

দুই মণ ধানের সমান দৈনিক মজুরি শ্রমিকের, বিপাকে চাষি

শরণখোলায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

অস্ত্রসহ আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড

সেতু নির্মাণ: পাইলিংয়েই মেয়াদ শেষ, দুর্ভোগ ২০ গ্রামবাসীর