পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করছেন। ধর্মীয় অনুষ্ঠানগুলো সাম্য, শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে আসে। এই সম্প্রীতি ধরে রাখতে সবাইকে সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলার কানাইনগর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন—ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করতে হবে। ফ্যামিলি ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন কর্মসূচিতে সুবিধাবঞ্চিত কেউ বাদ পড়বেন না।’
হতদরিদ্র নারীদের সহায়তার বিষয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, নারীদের সংসার পরিচালনার জন্য বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে।
উপকূলীয় এলাকার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে বৃক্ষরোপণের বিকল্প নেই। সারা দেশে মানুষ গাছ লাগানোর চেষ্টা করছে। এ জনপদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন প্রমুখ।