সুন্দরবনে পাচারের সময় জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে শরণখোলা রেঞ্জ অফিসের পাশের ভোলা নদীতে নোঙর করে রাখা কার্গোটি থেকে ধোঁয়া বের হতে দেখেন বনরক্ষীরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর বিকেলে ২৩০ টন কয়লা নিয়ে সুন্দরবনের ভোলা নদী দিয়ে যাওয়ার সময় কার্গোটি আটক করেন বনরক্ষীরা। এ সময় কার্গোতে থাকা নয়জনকেও আটক করা হয়।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ২৩০ টন কয়লা নিয়ে কার্গোটি সুন্দরবনের ভোলা নদী দিয়ে যাচ্ছিল। কয়লা পরিবহনের কোনো কাগজপত্র দেখাতে না পারায় কার্গোসহ নয়জনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। জব্দ করা কয়লাসহ কার্গোটি রেঞ্জ অফিসের পাশে নদীতে নোঙর করে রাখা হয়েছিল।
দ্বীপন চন্দ্র দাস আরও জানান, আজ সকালে কার্গোতে থাকা কয়লা থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
বন বিভাগের এই কর্মকর্তা ধারণা করছেন, পাচারের সময় জব্দ করা কয়লায় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব-ই-আলম জানান, বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। নতুন করে দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্গো থেকে কয়লা খালাসের জন্য বন বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, জব্দ করা কার্গোর কয়লা শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন সুন্দরবনের পাশের এলাকায় নামানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।