হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, অবস্থা সংকটাপন্ন

বাগেরহাট প্রতিনিধি

নূর ইসলাম। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে নূর ইসলাম (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আজ রোববার ভোরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গুলিবিদ্ধ নূর ইসলাম কুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি মোল্লাহাট উপজেলা সদরে শেখ ট্রেডার্স নামের একটি স্যানিটারি ও হার্ডওয়্যারের দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, গতকাল রাতে নূর ইসলাম মোটরসাইকেল চালিয়ে কুলিয়া গ্রামে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। নূর ইসলাম গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে ছিলেন। পরে পথচারীরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে মাথার নিচে, শরীরের পেছনসহ বিভিন্ন স্থানে তিনটি জখম রয়েছে; যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া সড়কে পড়ে যাওয়ার কারণে তাঁর কোমরেও আঘাত লেগেছে।

ফরমান বলেন, ‘আহত যুবকের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে শুনেছি।’

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক আজকের পত্রিকাকে বলেন, গুলিবিদ্ধ নূর ইসলামকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাঁকে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। তবে কারা ও কী কারণে তাঁকে গুলি করেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ওসি আরও বলেন, ‘আমরা আহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। পরিবারের সবাই ঢাকায় রয়েছেন। ঢাকায় যে হাসপাতালে চিকিৎসা চলছে, সেখানে ঢাকার পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন। তদন্ত শেষে গুলির কারণ ও হামলাকারীদের শনাক্ত করা যাবে।’

সাত দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১১ জেলে

ডাকাতির চার ঘণ্টার মধ্যে ট্রাক-মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

বাগেরহাটে নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থী নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

বাগেরহাটে তুচ্ছ বিষয় নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

লিভার সিরোসিসে অনিশ্চিত সোহাগের জীবন, নিভছে বাবার কিডনিতে বাঁচার স্বপ্ন

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে রেকর্ড

উপকূলের হতদরিদ্র পরিবারগুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদ

বজ্রপাতে পুড়ে ছাই দিনমজুরের ঘর

প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র: ১৪ বছর ধরে কার্যক্রম নেই প্রশিক্ষণকেন্দ্রে

দুই মণ ধানের সমান দৈনিক মজুরি শ্রমিকের, বিপাকে চাষি