হোম > সারা দেশ > বাগেরহাট

দুই সপ্তাহেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র আরিফের

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

মাদ্রাসাছাত্র আমানুল ইসলাম আরিফ (১০)। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ বাগেরহাটের শরণখোলার মাদ্রাসাছাত্র আমানুল ইসলাম আরিফের (১০) এখনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে শিশুটির পরিবার।

নিখোঁজ আরিফ শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে।

ঢাকায় পোশাক কারখানায় কর্মরত আরিফের মা আরিফা বেগম জানান, তাঁর ছেলে ফতুল্লার রসূলপুর দারুন জান্নাত ইসলামিয়া মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র ছিল। গত ১১ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

আরিফা বেগম জানান, গত ৮ আগস্ট সকালে আরিফকে মাদ্রাসায় পাঠিয়ে তিনি কারখানায় কাজে চলে যান। মাদ্রাসা থেকে জানানো হয়েছে, সেদিন সে মাদ্রাসায় যায়নি। এরপর থেকে তাঁর ছেলের আর কোনো খোঁজ পাচ্ছেন না।

আরিফের নানি মিনারা বেগম জানান, গত প্রায় ১৫ দিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার নাতির কোনো সন্ধান মেলেনি।