বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা এলাকায় ভৈরব নদ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মাথাবিহীন ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে পুরুষের মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মরদেহটি তিন থেকে চার দিন আগের। আনুমানিক বয়স ৪০ বছর।
পথচারীরা ভৈরব নদে মরদেহটি ভাসতে দেখে ফকিরহাট মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারের পানিতে মরদেহটি রূপসা এলাকা থেকে ভেসে ফকিরহাট এলাকায় এসেছে। ভাসমান মরদেহের খবর পেয়ে আশপাশের এলাকা থেকে বহু মানুষ ভৈরব নদের দুই পাড়ে ভিড় করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘ভৈরব নদ থেকে মস্তকবিহীন অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি তিন থেকে চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে।’
রজিউল্লাহ খান বলেন, নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও অপরাধ তদন্ত বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এলে মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।