হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ১ সদস্যের কারাদণ্ড

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। পরে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনে অভিযান পরিচালনা করেন ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ নেওয়াজ।

দণ্ডপ্রাপ্ত মো. ইয়াছিন (৩৭) একটি ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি বলে জানা গেছে।

সহকারী কমিশনার (ভূমি) শরিফ নেওয়াজ বলেন, আটক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষা এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের কার্যক্রম বন্ধ করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানভীর মাহমুদ অনিকসহ ফকিরহাট মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।