হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দুজন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই মাস পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। ইকরামুল খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা। মীর আলীর বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়।

আজ বুধবার দুপুর ১টায় মোংলা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট মোংলার ফেরিঘাটসংলগ্ন এলাকা থেকে ওই নারীকে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের একটি গ্রামে নিয়ে যান ইকরামুল ও মীর আলী। পরে ইকরামুল তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে পরিবারের কেউ না থাকার সুযোগে তাঁরা রাতভর ওই নারীকে ধর্ষণ করেন। পরদিন সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই নারীকে হত্যা করা হয়।

ঘটনার ছয় দিন পর, ২০ আগস্ট খুলনার বটিয়াঘাটা থানার কাজীবাছা নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে লাশের শরীরে থাকা গয়না, কাপড়চোপড় ও মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটন করে বলে প্রেস ব্রিফিংয়ে দাবি করা হয়।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে দাকোপ থেকে ইকরামুল শেখ এবং মোংলা থেকে মীর আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ড ও এর আগে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

প্রেস ব্রিফিংয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ও পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন উপস্থিত ছিলেন।