হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

বাগেরহাটে খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ফুলতলা সেতুর নিচে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পুরুষটির বয়স আনুমানিক ৪০ বছর।

ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের বেশির ভাগ অংশ পচে গেছে। তাঁর শরীরে কালো প্যান্ট ও কালো টি-শার্ট ছিল। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে। এ জন্য সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। এ ছাড়া মরদেহ কোথা থেকে এসেছে, মৃত্যুর কারণ ও পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।