হোম > সারা দেশ > বাগেরহাট

সম্পদের তথ্য গোপন, বাগেরহাটে আ.লীগ নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

বাগেরহাট প্রতিনিধি

শাহিনুল আলম ছানা। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা (৬৯) এবং তাঁর স্ত্রী ঝর্না আলমের (৬২) বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে মামলাগুলো করেন সংস্থাটির উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল।

দুদক সূত্রে জানা যায়, ২০২২ সালে শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রীর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেয় কমিশন। ২০২৫ সালের ১৮ মার্চ তাঁরা সম্পদের হিসাব জমা দেন।

সম্পদ বিবরণীতে শাহিনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকার সম্পদের তথ্য দেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে মোট ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এজাহারে অভিযোগ করা হয়েছে, তিনি ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে স্ত্রী ঝর্না আলম তাঁর সম্পদ বিবরণীতে ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছিলেন। তবে দুদকের অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এজাহারে তাঁর বিরুদ্ধে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে। এ ছাড়া তাঁর জ্ঞাত আয়ের বাইরে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার সম্পদ থাকার অভিযোগ এনেছে দুদক।

শাহিনুল আলম ছানা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

এ বিষয়ে জানতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

দুদকের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল বলেন, মামলা দুইটির তদন্ত চলছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকেও আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রী পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।