মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের অটোরিকশাচালক রফিক মিয়ার হত্যাকারী তিন বন্ধু রিপন, সজিব ও আরমানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী।
আজ রোববার (২৯ মার্চ) দুপুরে বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত ব্যক্তির পরিবারের সদস্য, অটো ও রিকশাচালক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বানিয়াজুরী রিকশাচালক কল্যাণ সমিতির সভাপতি হারান মিয়া, সাধারণ সম্পাদক আসলাম মিয়া, মৃত রফিকের ভাই আরিফ প্রমুখ।
বক্তারা হত্যাকারী রিপনসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
গত বুধবার (২৫ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পাছবারইল এলাকার কালীগঙ্গা নদী থেকে মস্তকবিহীন রফিক মিয়ার মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। এ ঘটনায় নিহত রফিক মিয়ার তিন বন্ধু রিপন, সজিব ও আরমানকে গ্রেপ্তার করা হয়েছে।