কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলালের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ওই সময় জামায়াত প্রার্থীর গণসংযোগ চলাকালে বিএনপির কর্মীরা অতর্কিতভাবে গাড়িবহরে হামলা চালান। এতে অন্তত পাঁচজন আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলাল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচিতে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সরে পড়ে।’
ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে শফিকুল আলম বলেন, এ ধরনের হামলা নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কাউছার আলম সেলিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে উভয় পক্ষের গণসংযোগ কার্যক্রম চলছিল। একপর্যায়ে মুখোমুখি অবস্থান হলে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।