হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ডাকাত দলের হানা, কথা বলছিল উত্তরবঙ্গের টানে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে দুই গ্রামের দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর সদরের পন্থিছিলা রেললাইনসংলগ্ন রহিমা বেগমের ঘরে ও রাত ২টার দিকে শেখপাড়া নোয়া পুকুরপাড়ে আনোয়ার হোসেনের বাড়িতে এই ডাকাতি হয়।

রহিমার ভাই আলিম উদ্দিন জানান, তাঁর বোন ও তাঁদের বসতঘর পাশাপাশি। গভীর রাতে হঠাৎ বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। বের হয়ে দেখেন ২০ থেকে ২৫ জন মুখোশধারী ডাকাত তাঁর বোনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা তাঁর বোন, বোনের এক ছেলে ও এক মেয়ের গলায় ছুরি ধরে ঘরে থাকা আড়াই ভরি স্বর্ণ ও টাকা লুট করে নেয়। পরে তারা আলিমের ঘরেও প্রবেশের চেষ্টা করে। তখন প্রতিবেশীরা ছুটে এলে ডাকাত দল পালিয়ে যায়।

আলিম জানান, সংঘবদ্ধ ডাকাত দলের সব সদস্যই উত্তরবঙ্গের টানে কথা বলছিল। তাদের কথার সঙ্গে সীতাকুণ্ডের স্থানীয় লোকজনের ভাষা মেলেনি।

অন্যদিকে শেখপাড়ার আনোয়ারের ছেলে তারেক রহমান জানান, রাতে ঘরে তাঁর বাবা একা ছিলেন। গভীর রাতে ডাকাত দলের ৮-১০ জন মুখোশধারী সদস্য ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাঁরা আনোয়ারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান জিনিস লুট করে নেন।

ভুক্তভোগী আনোয়ার জানান, ডাকাত দলের সদস্যরা সবাই ২০ থেকে ২৫ বছর বয়সী। আচরণ ও কথাবার্তা সীতাকুণ্ডের স্থানীয় মানুষের মতো নয়। সবাই উত্তরবঙ্গের ভাষার টানে কথা বলছিলেন।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি