ঢাকায় পাচারের উদ্দেশে নেওয়ার সময় খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ নাইম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরের হরিণটানা থানার কৈয়াবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক নাইম মুন্সিগঞ্জের লৌহগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মিরাজ শেখের ছেলে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা হয়ে ঢাকায় মাদকের একটি চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে কৈয়াবাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়।
পরে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণ করলে নাইমকে তল্লাশি করা হয়। তার হাতে থাকা মোবাইল ফোনের ব্যাগ থেকে ৫২ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।