হোম > সারা দেশ > ময়মনসিংহ

চালকদের অতিরিক্ত কর্মঘণ্টায় দুর্ঘটনা বাড়ছে: বিআরটিএ চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান। ছবি: আজকের পত্রিকা

দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চালকদের অতিরিক্ত কর্মঘণ্টাকে দায়ী করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, আইন অনুযায়ী একজন চালকের দিনে সর্বোচ্চ আট ঘণ্টা গাড়ি চালানোর কথা থাকলেও বাস্তবে অনেকে ১৪ ঘণ্টা পর্যন্ত স্টিয়ারিংয়ে থাকছেন। এই অতিরিক্ত চাপের কারণেই দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে।

আজ বুধবার ময়মনসিংহ নগরীর শাহাবুদ্দীন হলরুমে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিআরটিএর উদ্যোগে ময়মনসিংহ বিভাগের চার জেলার ১৩৩টি পরিবারকে মোট ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৭৬ জনকে ৩ কোটি ৪ লাখ টাকা, জামালপুর জেলায় ৩৫ জনকে ১ কোটি ২৭ লাখ টাকা, নেত্রকোনা জেলায় ১৮ জনকে ৭৮ লাখ টাকা ও শেরপুর জেলায় চারজনকে ২০ লাখ টাকা দেওয়া হয়।

আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সড়কের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল এবং পুরোনো ও ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। কোনো সড়কের সক্ষমতা ৫০ হাজার যানের হলে সেখানে ২ লাখের বেশি গাড়ি চলছে। এ ছাড়া স্ক্র্যাপিং নীতিমালা অনুযায়ী পুরোনো যানবাহন পর্যায়ক্রমে সড়ক থেকে অপসারণ করা হচ্ছে।

চালকদের দক্ষতা বাড়াতে কড়াকড়ির কথা জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, এখন থেকে পেশাদার লাইসেন্স পেতে হলে চালকদের বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হলেই কেবল তাঁরা বিআরটিএ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যম ও শ্রমিক সংগঠনগুলোকে সচেতনতা তৈরিতে আরও সক্রিয় হতে হবে। বিশেষ করে, ঈদ বা উৎসবের সময় সড়কে বাড়তি সতর্কতা প্রয়োজন, যাতে কোনো পরিবারের আনন্দ শোকে পরিণত না হয়।

এ সময় বিআরটিএ ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক সুব্রত কুমার দেবনাথ, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. জহির এবং মোটরযানচালক ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

৯ শতাংশ ঘুষ দাবি: রামেবি ভিসির সংবাদ সম্মেলনে দেওয়া হলো ‘টাকার খাম’

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

‘আমার বাবাকে ফিরিয়ে দেন, তাকে ছাড়া একটুও ভাল্লাগে না আমার’

চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় ইনজেকশন বিক্রি মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দ্বিগুণ মূল্যে পোশাক বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা

কারাগারে অসুস্থ ভারতীয় নাগরিক, হাসপাতালে মৃত্যু

টঙ্গীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, ছিনতাইকারীর পায়ের রগ কেটে দিল জনতা

চাঁদা না পেয়ে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন