কক্সবাজারে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে আব্দুল মালেক (৩৪) নামের এক সংবাদকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঝিলংজার বাংলাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার চালকসহ আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
নিহত আব্দুল মালেক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ার বাসিন্দা এবং মৃত আলী হোসেনের ছেলে। তিনি কক্সবাজারের স্থানীয় দৈনিক হিমছড়ির সেন্ট মার্টিন প্রতিনিধি ও সি প্রবাল রিসোর্টের মালিক ছিলেন।
নিহত মালেকের পারিবারিক সূত্র জানিয়েছে, সৌদি আরব গমনের প্রস্তুতির অংশ হিসেবে রামুর জোয়ারিয়ানালায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে আব্দুল মালেক সিএনজিচালিত অটোরিকশাযোগে কক্সবাজার শহরে ফিরছিলেন। পথে চট্টগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আব্দুল মালেক গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, নিহত মালেকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।