হোম > সারা দেশ > যশোর

‘আমার বাবাকে ফিরিয়ে দেন, তাকে ছাড়া একটুও ভাল্লাগে না আমার’

­যশোর প্রতিনিধি

যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অপহরণের শিকার জাহাঙ্গীরের পরিবার। ছবি: আজকের পত্রিকা

সংবাদ সম্মেলন কি সেটা বোঝার বয়স হয়নি চার বছরের শিশু রিদার। মায়ের কোলে সংবাদ সম্মেলনে এসেছে সে। সামনে রাখা টেবিলটিতে সাংবাদিকদের বুম (মাইক্রোফোন)। পাশে বসা মা রেশমা খাতুন তার ব্যবসায়ী স্বামী জাহাঙ্গীর আলম অপহরণের বর্ণনা দিচ্ছিলেন আর কাঁদছিলেন। রেশমার কান্নায় যখন কনফারেন্স রুম নীরব; তখন বুমের কাছে মুখ এগিয়ে ভাঙা ভাঙা শব্দে রিদা বলে—‘আমার বাবাকে ফিরিয়ে দেন, আমার বাবা আমাকে অনেক আদর করে। আমি বাবাকে ফিরে পেতে চাই। আমার বাবাকে ধরে নিয়ে গেছে। বাবাকে ছাড়া একটু কিচ্ছু ভাল্লাগে না আমার। কিচ্ছু ভাল্লাগে না।’

রিদার কথা সময় ডুকরে কেঁদে ওঠেন রেশমা ও তার আরও দুই বড় মেয়ে। আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় কনফারেন্স রুম জুড়ে। বুধবার বিকেলে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন হয়।

রিদার বাবা জাহাঙ্গীর আলম (৪৮) যশোর শহরের শংকরপুরে ভেটেরিনারি হাসপাতালের সামনে ‘আর আর মেডিকেল’ নামে ভেটেরিনারি ওষুধের ব্যবসা করতেন। তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে শহরতলি সুজলপুর এলাকাতে বসবাস করেন তিনি। গত সোমবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কয়েক দুর্বৃত্ত সাদা প্রাইভেট কারে জাহাঙ্গীরকে তুলে নিয়ে যায়। এরপর স্বামীর মেবাইল ফোন দিয়ে পরিবারের কাছে চাওয়া হয় ১ কোটি টাকার মুক্তিপণ। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিলেও পুলিশ জাহাঙ্গীরকে উদ্ধার করতে পারেনি।

এমন পরিস্থিতিতে আজ বুধবার বিকেলে জাহাঙ্গীরকে জীবিত উদ্ধার ও অপহরণকারীদের বিচারের দাবি জানিয়ে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন। অপহরণের তিন দিন পার হলেও অভিভাবককে ফিরে না পাওয়ায় উৎকণ্ঠায় পরিবারটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার রাতে জাহাঙ্গীর দোকান বন্ধ করে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেট কারে কয়েকজন এসে গতিরোধ এবং তাঁকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পরে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ফোন নম্বর থেকে রাত ১০টার দিকে তাঁর স্ত্রীকে কল করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। নইলে তাঁকে হত্যা করা হবে বল হুমকি দেওয়া হয়। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন বলেন, ‘সাত বছর ধরে শংকরপুর ভেটেরিনারি হাসপাতালের সামনে ওষুধের ব্যবসা করে আসছেন তাঁর স্বামী। রাতে তারাবি পড়ে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন প্রতিদিন। তবে সোমবার আর ফেরেনি। সে না ফেরাতে তার তিন সন্তানকে নিয়ে আমি দুশ্চিন্তায় আছি। আমার বড় মেয়ে সামনে এসএসসি পরীক্ষা দিবে; এমন অবস্থায় সেও তার বাবাকে নিয়ে দুশ্চিন্তায় আছে। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিন দিন পার হয়ে গেছে; তার সন্ধান পাচ্ছি না। আমরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার বলেন, ‘ভুক্তভোগী পরিবার এ ঘটনায় অভিযোগ দিলে আমরা মামলা হিসেবে রেকর্ড করেছি। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। ব্যবসা নাকি পূর্বের কোনো শত্রুতার জেরে এটি ঘটেছে, বা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে; সে সবই অনুসন্ধান করা হচ্ছে। আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছি। আশা করি, দ্রুত উদ্ধার করতে পারব।’

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

উত্তরায় নারীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় দুজন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত

চালডাল কর্মীদের ১ মাসের বকেয়া পরিশোধ, বাকি বেতন চলতি মাসে

ময়মনসিংহে লরির চাপায় টমটমচালক নিহত

রেললাইনের পাশে নিখোঁজ ব্যাংক কর্মচারীর লাশ, পাশে ‘বিষের’ বোতল

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

১০৯ জনকে ভুয়া দাবি করা ব্যক্তিই ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র তালিকায়

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

ইবি শিক্ষিকাকে খুন: নেপথ্যে কি কর্মচারীর ব্যক্তিগত আক্রোশ