হোম > সারা দেশ > ঢাকা

দুই ভাই-বোন পড়ত এক ক্লাসে, দাফনও একসঙ্গে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার কিছুক্ষণ আগে প্রতিষ্ঠানটি থেকে দুই সন্তানকে নিয়ে ফেরেন মা সাবিকুন্নাহার। একটু দেরি হলেই হয়তো বিপর্যয় নেমে আসত তাঁর পরিবারে। সেই ভয়াবহ ঘটনা ঘুমাতে দেয় না তাঁকে। তাই প্রতিদিন যান প্রতিষ্ঠানটিতে। গতকালও প্রতিষ্ঠানটির গেটে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। ছবি: আজকের পত্রিকা

বাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভাই-বোন। তাদের দাফন হয়েছে একই সঙ্গে।

গতকাল বুধবার সকালে কথা হয় সারিয়ার বাবা রফিক মোল্লাহর সঙ্গে। তিনি বলছিলেন, ‘ও খুব আবেগপ্রবণ ছিল। বাপকে চুমু না দিয়ে ও ঘর থেকে বের হতো না। সেদিনও আমাকে ঘুম থেকে তুলে চুমু দিয়ে বের হয়েছিল।’

জুনায়েতের সকালটাও ছিল অনেকটা একই রকম। প্রতিদিনকার মতো সেও স্কুলের জন্য তৈরি হয়ে মাকে সালাম করে বাসা থেকে বের হয়েছিল। বাবার মোটরসাইকেলে চড়ে স্কুলে গিয়েছিল সে। স্নেহপ্রবণ বাবা জানতে চেয়েছিলেন, স্কুলব্যাগ ভারী লাগছে কি না। উত্তরে মাথা নেড়ে ‘না’ বলেছিল জুনায়েত। ছোট্ট জুনায়েতকে বেশি করে পানি খেতে বলে বিদায় নিয়েছিলেন বাবা মোহাম্মদ আসলাম। বাবা-ছেলের সেটাই ছিল শেষ কথোপকথন।

সারিয়া ও জুনায়েত—দুজনের বাবাই পেশায় ব্যবসায়ী। সারিয়ার বাবা রফিক মোল্লাহর ফুফাতো ভাই হন জুনায়েতের বাবা মোহাম্মদ আসলাম। তুরাগ থানার অধীনে নয়ানগরের স্থানীয় বাসিন্দা তাঁরা। মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে তাঁদের বাড়ি কাছেই। তাই এই পরিবারের বেশির ভাগ ছেলেমেয়েই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। বর্তমানে এই পরিবারের আরও একটি শিশু দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

রফিক মোল্লাহ জানান, তাঁর আরেক ভাইয়ের ছেলে নাবিল মোল্লাহর সঙ্গে স্কুলে যাওয়া-আসা করত সারিয়া। নাবিলকে কফি আর চিপস আনতে পাঠিয়েছিল সারিয়া। ঠিক তখনই স্কুলভবনের ওপর বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। কফি আনতে যাওয়ায় বেঁচে যায় নাবিল। আর দগ্ধ হয় সারিয়া।

জুনায়েতের বাবা মোহাম্মদ আসলাম জানান, তাঁর বড় ছেলে রাকিবুল হাসানও মাইলস্টোনের শিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণিতে পড়ছে সে। প্রতিদিন সকাল ৭টায় দুই ছেলেকে নিয়ে স্কুলে যেতেন তিনি। দুই ছেলে একই ক্যাম্পাসের হলেও তাদের ক্লাস হতো আলাদা ভবনে। জুনায়েত যে ভবনে ক্লাস করত, সেটির ওপরেই বিধ্বস্ত হয়েছিল বিমানটি।

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে

পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

বিএনপিসহ সবাই মিলে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: স্পিকার

ভুল তথ্য দিয়ে বিদ্যুৎ বন্ধ, অভিযোগ পিডিবি কর্মকর্তার বিরুদ্ধে

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

দিনে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, টর্চ জ্বালিয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি

কিশোর গ্যাং লিডার ইমন খুন: ছয় আসামি রিমান্ডে

শিবালয়ে তেলসংকটে ফিলিং স্টেশনে ভাঙচুর, আটক ২

বগুড়ায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ

দিনভর আন্দোলন শেষে মজুরি পেলেন চা-শ্রমিকেরা