হোম > সারা দেশ

ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর জাদুঘর মোড় এলাকায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। কয়েক রাউন্ড গুলিবর্ষণের অভিযোগও পাওয়া গেছে।

রাজশাহীর জাদুঘর মোড় এলাকায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করতে টিয়ার শেল নিক্ষেপ করে। তবে এরপরও থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগের শাহিনুর নামের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয়।

লিমনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এ হামলা চালানো হয়। একপর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দেন। তাঁরা তাঁদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানান লিমন।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারিকে ফোন করা হলেও তিনি ধরেননি। ফলে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।