গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। কালো ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের দোকানিরা গিয়ে অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর পৌর শহরে আওয়ামী লীগের কার্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাশের সিঙ্গার শোরুমের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয়ের পাশেই আমাদের গুদাম। মনে হচ্ছিল গুদামে আগুন লাগছে। অগ্নিনির্বাপণ যন্ত্র হাতে দৌড়ে আসি। এসে দেখি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন লাগছে। পরে কয়েকজন মিলে আগুন নিয়ন্ত্রণ করি। তবে কীভাবে আগুন লাগল এটা বলতে পারি না।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের পর আওয়ামী লীগের কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। দরজা-জানালাবিহীন ভবনের দোতলার মেঝেতে কর্কশিটসহ বর্জ্য রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা কেউ জানায়নি।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা রাত আটটার দিকে বলেন, ‘আমি মাত্র ঘটনাস্থল দেখতে আসছি। দেখে বিস্তারিত জানাব।’