রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে নিহতের বাবা মো. তরিকুল ইসলাম খোকন বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী তরিকুল ইসলাম মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলামকে গুলি করা হয়। পরে সেখানে থাকা তাঁর বন্ধুবান্ধব ও পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে রাত সাড়ে ১২ টার দিকে রাকিবুলের বাবা শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের পরিচ্ছন্নতা কর্মী। ছেলে মো. রাকিবুল ইসলাম ঢাকার শেখ বোরহান উদ্দিনে কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। রাকিবুল ইসলাম রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে শহীদ মিনার এলাকায় যান। শহীদ মিনারের পশ্চিম পাশে মোটরসাইকেল পার্কিং করার পরই আগে থেকে ওত পেতে থাকা ৫/৬ জন ব্যক্তি অস্ত্রশস্ত্র দিয়ে রাকিবুলকে একাধিক গুলি করে। দেশীয় অস্ত্রশস্ত্র ছুরি-চাকু দিয়ে রাকিবুলের শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। একপর্যায়ে রাকিবুল শহীদ মিনারের মেঝেতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা তাঁকে মৃতভেবে দৌড়ে পালিয়ে যায়।
এজাহারে আরও বলা হয়, বাদীর ছেলেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতনামা পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বাদী এজাহারে উল্লেখ করেছেন, পূর্বপরিকল্পিতভাবেই তাঁর ছেলেকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে।
রাকিবুল ইসলাম ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। তিনি ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামে রাকিব আহম্মেদ নামে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতেন।