হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল, চন্দ্রায় যানজট-ধীরগতি

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশপাশের এলাকায় থেমে থেমে যানজট ও ধীরগতি দেখা দিয়েছে। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চলের লাখো মানুষ। বেতন ও ছুটি পাওয়ার পর গত সোমবার বিকেল থেকে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হলেও আজ বুধবার (১৮ মার্চ) সকাল থেকে মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ কয়েক গুণ বেড়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশপাশের এলাকায় থেমে থেমে যানজট ও ধীরগতি দেখা দিয়েছে।

শিল্প পুলিশ ও কারখানা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোগান্তি এড়াতে এবার ধাপে ধাপে কারখানা ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজীপুরের ২ হাজার ৮৩৪টি কারখানার মধ্যে ২ হাজার ৭৫৩টিতে ঈদের ছুটি দেওয়া হচ্ছে। শিল্প পুলিশের তথ্যমতে, সোমবার ১০ শতাংশ (৬২টি) কারখানা, মঙ্গলবার ২৫ শতাংশ কারখানা ছুটি হয়েছে। আজ বুধবার সর্বোচ্চ ৪০ শতাংশ (১ হাজার ৪১৪টি) কারখানা ছুটি হচ্ছে। তারপরেই মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর আগামীকাল বৃহস্পতিবার অবশিষ্ট ৮৩৩টি কারখানায় ছুটি দেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার যেসব কারখানায় ছুটি হয়েছিল, আজ বুধবার সকালে সেখানকার কর্মীরা বাড়ির দিকে রওনা হয়েছেন। যার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত এবং চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত এলাকায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপের কারণে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। এ ছাড়াও আজ যেসব কারখানায় ছুটি হবে, সেসব কারখানার মধ্যে মহাসড়কঘেঁষা কারখানাগুলোর সামনে বাস দাঁড় করিয়ে রাখায়ও যানজট সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা এবং নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত এলাকায় যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। আজ দুপুরের পর বিপুলসংখ্যক কারখানা ছুটি হওয়ায় বিকেলের দিকে এই চাপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত এলাকায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপের কারণে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গগামী বাসগুলো যাত্রীপূর্ণ অবস্থায় যাতায়াত করছে। এ ছাড়া মহাসড়কের পাশে শ্রমিকদের আগে থেকে রিজার্ভ করা শত শত বাস দাঁড়িয়ে থাকায় এবং ঘরমুখী মানুষ বাসের অপেক্ষায় জড়ো হওয়ায় যানজট পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মহাসড়কঘেঁষা কারখানাগুলোর সামনে বাস থামিয়ে যাত্রী তোলায় চলাচলে বিঘ্ন ঘটছে।

আজ দুপুরের পর বিপুল সংখ্যক কারখানা ছুটি হওয়ায় বিকেলের দিকে এই চাপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘গতকাল মঙ্গলবার থেকেই যাত্রীদের চাপ বেড়েছে। আজ দুপুরের পর তা কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। মহাসড়কের পাশে শ্রমিকদের ভাড়া করা অসংখ্য বাস দাঁড়িয়ে থাকায় কিছুটা জটলা তৈরি হয়েছে। আমরা মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট নিরসনে কাজ করে যাচ্ছি।’

চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে নিহত ১, আহত ২

পটিয়ায় ৩ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

উল্টো পথে প্রাইভেট কার যেতে বাধা দেওয়ায় ৩ পুলিশকে মারধর, যুবক গ্রেপ্তার

শহর ছাড়ার আগে বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে উন্নতমানের তালা ব্যবহারের অনুরোধ পুলিশের

চাঁদপুরে ৪ দোকানে আগুন, প্রাণ গেল এক কর্মচারীর

খুলনায় শেষ মুহূর্তে টুপি–আতরের দোকানে ভিড়

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে

নারীসহ দুই পরিবারের ৪ জনের ‘ডাকাতির প্রস্তুতি’, বন্দুক–মাইক্রোবাসসহ গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশে শিশুর অর্ধগলিত লাশ