রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। মোস্তফা মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
গুলির ঘটনার পর স্থানীয় লোকজন মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নেই। রাতে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে—তা কেউ বুঝতে পারছেন না। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, ‘আমাদের এখানে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা যান। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও জখম দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়। এ কারণে হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেই ঘটনাটি শুনেছি। এরপর দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। কেন এই ঘটনা, সেটি আমরা এখনো জানতে পারিনি। কোনো রাজনৈতিক কারণে এ ঘটনা ঘটেছে কি না আমরা তা এখনো জানতে পারিনি।’ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে বলেও জানান তিনি।