হোম > সারা দেশ > ভোলা

আমরা ভালো নেই—গুলিতে নিহত ভোলা ছাত্রদল সভাপতির স্ত্রী

শিমুল চৌধুরী, ভোলা 

মো. নুরে আলম। ছবি: সংগৃহীত

ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি মো. নুরে আলম। স্বামী হারোনার পরে নুরে আলমের পরিবারের অবস্থা বেশি ভালো নেই। স্ত্রী ইফফাত জাহান সিফাত একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন সামান্য বেতনে। যে বেতন পান, তা দিয়েই কোনোমতে চলছে সংসার। একমাত্র মেয়ে আফরা বিনতে আলম ভোলার একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ছে। মেয়েকে নিয়েই ভোলা পৌরভার ৪ নম্বর ওয়ার্ডে একটি সেমিপাকা ছোট ঘরে বসবাস করছেন।

প্রায় তিন বছর আগে নুরে আলমের মৃত্যুর পর ওই সময়ে দল থেকে মাঝে মাঝে খোঁজখবর নেওয়া হলেও বর্তমানে সেই পরিবার কেমন আছে, তার খোঁজ নিচ্ছে না কেউ।

নুরে আলম নিহতের ঘটনায় মামলা করা হলেও সেই মামলারও কোনো অগ্রগতি নেই। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করে জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি নুরে আলমের পরিবার।

নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান সিফাত অনেকটা কষ্টের সঙ্গে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ৩ আগস্ট আমার স্বামী মারা যাওয়ার পর আমি নিজে বাদী হয়ে মামলা করি। কিন্তু আজ পর্যন্ত সেই মামলার কোনো অগ্রগতি নেই।’ স্বামী হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘স্বামীকে হত্যা করে আমার পরিবারটা যে বা যারা ধ্বংস করেছে, আমি নিজের চোখে তাদের বিচার দেখতে চাই।’

সিফাত বলেন, ‘নুরে আলমের মৃত্যুর পরে আমরা ভালো নেই। স্বামী হারানোর বেদনায় দিন কেটে যাচ্ছে কোনো রকমে। চাকরি করছি প্রগতি লাইফ ইনস্যুরেন্সে। হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স-মাস্টার্স পাস করে যে চাকরি করছি, সেই চাকরি মানসম্মত নয়।

‘এই চাকরি থেকে যে বেতন পাই, তা দিয়ে সংসার ভালোভাবে চলে না। এর মধ্যে একমাত্র মেয়ে আফরা বিনতে আলমের পড়াশোনার ব্যয় বহন করতে হচ্ছে। এ ছাড়া মাস্টার্স পড়ুয়া এক ভাইও থাকে আমার সঙ্গে থাকে।’ স্বামী হত্যার সঠিক বিচার, একমাত্র মেয়ের সুরক্ষা, মানসম্মত একটি চাকরি ও বাসস্থানের দাবি জানান ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান সিফাত।

প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ভোলা শাখার সহকারী জেনারেল ম্যানেজার মো. হানিফ বলেন, ‘নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান সিফাত আমাদের কোম্পানিতে হিসাব বিভাগে চাকরি করেন। মাসে ১৫ হাজার টাকা বেতন পান। এখান থেকে তিনি সর্বসাকুল্যে পান প্রায় ১৭ হাজার টাকা।’ হানিফ বলেন, সামান্য এই বেতনে একটি মেয়ের পড়ালেখা ও চিকিৎসার খরচসহ সংসার চালানো বর্তমানে কষ্টসাধ্য।

জানতে চাইলে মো. নুরে আলমের বড় ভাই ওবায়দুল হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম বলেন, ‘আমার ছোট ভাই ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ নুরে আলমের মৃত্যুর পরে তার পরিবারটি এখন কেমন আছে, সেটা বলা আমাদের জন্য কষ্টের বিষয়। কারণ, একটা পরিবারের অভিভাবক না থাকলে তার স্ত্রী-সন্তান কেমন থাকতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।

‘নুরে আলমের মৃত্যুর পরে এখন পর্যন্ত আর্থিকভাবে তেমন কিছু করা হয়নি। তবে, ওই সময়ে তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে যেটুকু করা হয়েছে, তার বদৌলতে বেঁচে আছি।’ তিনি আরও বলেন, মৃত্যুর পর নুরে আলমের ঋণের টাকা বিএনপির পক্ষ থেকে পরিশোধ করা হয়েছে।

এ ছাড়া ভোলা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ওই সময়ে নুরে আলমের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন।

আবুল কাশেম বলেন, ‘আমার ভাই হত্যার ঘটনায় দায়ের করা মামলারও কোনো অগ্রগতি নেই। আমরা পরিবারের পক্ষ থেকে নুরে আলম হত্যার ন্যায়বিচার দাবি করছি।’

এ বিষয়ে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর আজ বিকেলে বলেন, ‘বিএনপির আন্দোলনে ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আ. রহিম প্রাণ দিয়েছেন। তাঁদের কোনোভাবেই ভুলে গেলে চলবে না। তাঁদের আমরা অবশ্যই স্মরণ করব। আমাদের দল বিএনপিও তাঁদের ভালোমন্দ দেখবে। এটা পার্টিরও দায়িত্ব। আমরা দলের প্রতিটা মিটিংয়ে তাঁদের নিয়ে আলোচনা করি। তাঁদের অবদানের কথা আমরা কখনোই ভুলব না।’

গোলাম নবী আলমগীর আরও বলেন, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে। সংসদ সদস্যদের শপথের পর মন্ত্রিপরিষদ গঠন হবে। এর পরে ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলার আসামিদের যথাযথ বিচার হবে।

এ বিষয়ে জানতে চাইলে নুরে আলম হত্যা মামলার বাদীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ড. আমিরুল ইসলাম বাছেত বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

মানবিক শাহআলম

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

ডেমরায় গ্রেপ্তার হানি ট্র্যাপের ৬ সদস্য কারাগারে

কাপাসিয়া: ৫৩ বছরের ইতিহাস ভেঙে জামায়াতের জয়

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‎কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড