হোম > সারা দেশ > কুমিল্লা

কুবি শিক্ষক অপহরণ: অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক সোহেল অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে মোট ৯৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার মোবাইলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সলিম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় যান ওই শিক্ষক। সেখানে একটি সাদা রঙের প্রাইভেট কারের চালক তাঁকে ডাকলে তিনি কাছে গেলে গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি তাঁকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।

পরে গাড়ির ভেতরে তাঁকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে চোখ ও হাত বেঁধে ফেলে অপহরণকারীরা। এ সময় তারা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেয় এবং বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চায়। অভিযোগে বলা হয়েছে, তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২ হাজার ৫০০ টাকা এবং মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার ৩৫০ টাকা নেওয়া হয়। পাশাপাশি তাঁর নামে থাকা ট্রাস্ট ব্যাংকের একটি এটিএম কার্ড ব্যবহার করে চার দফায় ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়।

টাকা নেওয়ার পর অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে একটি নির্জন স্থানে নামিয়ে দেয় এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয়। পরে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নেমে বাসযোগে ঢাকায় যান এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরবর্তী সময়ে কুমিল্লায় ফিরে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন।

ভুক্তভোগী প্রভাষক আব্দুর রাজ্জাক সোহেল বলেন, ‘বুধবার বেলা আড়াইটার সময় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কোটবাড়ি বিশ্বরোডে অপেক্ষা করছিলাম। হঠাৎ একটি প্রাইভেট কার এসে আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে ঢাকার উদ্দেশে রওনা দেয়। কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হওয়ার পর তারা আমার চোখ, হাত ও পা বেঁধে ফেলে। এরপর আমার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ এবং নগদ ১৫ হাজার টাকা নিয়ে নেয়। তারা আমার এটিএম কার্ডের পাসওয়ার্ড জানতে চাইলে আমি প্রথমে অস্বীকৃতি জানাই। পরে আমাকে মারধর করা হলে বাধ্য হয়ে পাসওয়ার্ড জানাতে হয়। একই সঙ্গে তারা আমার বিকাশ নম্বরের পাসওয়ার্ডও নিয়ে নেয়।’‎

‎আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘ডাকাত দল আমার কাছ থেকে মোট ৯৭ হাজার ৫০০ টাকা নিয়ে নেয় এবং পরে আমাকে দাউদকান্দির একটি নির্জন স্থানে ফেলে রেখে যায়। এ সময় তারা আমাকে কয়েকবার গুলি ও স্প্রে করে অজ্ঞান করে দেওয়ার হুমকি দেয়। ঘটনার পর থেকে আমি এখনো গভীর ট্রমার মধ্যে আছি। এ বিষয়ে আমি থানায় মামলা করেছি। যথাযথ তদন্তের মাধ্যমে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সলিম বলেন, অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গৌরনদীতে বাস–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, পরে মাটিচাপা

রাজধানীর চকবাজারে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

৪০ কোটি টাকা পাচার : স্ত্রী-ছেলেসহ সাবেক সচিব খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা

ঈদ সামনে রেখে ঝালকাঠিতে সেমাই উৎপাদন বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রক্রিয়াজাতের সংকটে মানিকছড়িতে সূর্যমুখী চাষে আগ্রহ কমছে কৃষকদের

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা