রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে সাড়ে চার ঘণ্টায় ভোট দিয়েছেন প্রায় ৩৩ শতাংশ ভোটার। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মোতাওয়াক্কিল রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহীর আসনগুলোতে ভোট দিয়েছেন ২৯ থেকে ৩৭ শতাংশ ভোটার। গড় হিসেবে ভোট দেওয়ার হার ৩২ দশমিক ৮৩ শতাংশ। সকাল থেকে রাজশাহীর সবগুলো ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনে মোট প্রার্থী রয়েছেন ৩১ জন। মোট ভোটার ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। এর মধ্যে নারী ১১ লাখ ৫২ হাজার ৫০৮ এবং পুরুষ ১১ লাখ ৩৮ হাজার ৬৩৭ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন। জেলার ৯টি উপজেলা ও মহানগরে সব মিলিয়ে ৭৭৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।