শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এখন আর আগের দিন নেই যে হেলিকপ্টার নিয়ে হঠাৎ পরীক্ষাকেন্দ্রে হাজির হতে হবে। এখন ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষাকেন্দ্রও দেখা সম্ভব। এ জন্য শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে।’
আজ শনিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই সভার আয়োজন করে।
শিক্ষামন্ত্রী তাঁর আগের মেয়াদে নকল বন্ধ করার কথা বলতে গিয়ে বলেন, ‘আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইমপোর্ট করে নকল বন্ধ করিনি। আপনাদের মাধ্যমেই তো করেছি, নাকি? এটা প্রমাণিত সত্য যে সরকারের যদি সদিচ্ছা থাকে, শিক্ষকেরা সহযোগিতা করেন। সরকারের যদি সহযোগিতা না থাকে, শিক্ষকেরা সহযোগিতা করেন না। তাই আমার বিশ্বাস, আমার টিচাররা আবার আগের অবস্থানে যাবেন। শিক্ষার পরিবেশ ফেরাবেন।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্লাসরুমে শিক্ষার্থীদের উপস্থিতি থাকে কি না, শিক্ষক ঠিকমতো আসেন কি না, ছাত্র ঠিকমতো মনোযোগ দেয় কি না—এগুলোকে আমরা বিবেচনায় আনব। সেই সঙ্গে পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরা থাকবে।’
শিক্ষা খাতে পর্যায়ক্রমে বাজেট বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘এবার প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষা খাতে বাজেটের ৫ পার্সেন্ট দেবেন। হিউজ অ্যামাউন্ট কিন্তু ৫ পার্সেন্ট। এই গত বাজেটেই দেখলাম টাকা ফেরত যাচ্ছে। কাজে লাগাতে পারছে না। আমি এসে ৫ পার্সেন্ট, প্রায় ডাবল হয়ে যাবে বাজেট—এই টাকা কি খরচ করতে পারব? পারব না। তাই আমরা পর্যায়ক্রমে শিক্ষা খাতের বাজেট বৃদ্ধি করতে চাই।’
সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা প্রমুখ। সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম।
এর আগে সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ ওসমান বিন হাদী মিলনায়তনে আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের কথা শোনেন।