হোম > সারা দেশ

টানা বৃষ্টিতে চৌদ্দগ্রামে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

আমন ধান নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষকদের। ছবি: আজকের পত্রিকা

কোথাও মাঠে নুইয়ে পড়েছে পাকা ধান, আবার কোথাও কাদাপানিতে আটকে আছে কাটা ফসল। ঘরে তোলার অপেক্ষায় থাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষকদের। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন চাষিরা। পাকা ধান কাটতে না পারা এবং কেটে রাখা ফসল ঘরে তুলতে বিলম্ব হওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। একই সঙ্গে বাড়ছে কৃষি উৎপাদন ও পরিবহন খরচ।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর কৃষিজমিতে আমন ধানের আবাদ হয়েছে। গত তিন দিনের ভারী বৃষ্টিতে অন্তত ৩৬ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছে।

আজ শনিবার সরেজমিনে উপজেলার বিভিন্ন কৃষি মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কাটা ধান সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। কোথাও পাকা ধান বৃষ্টির পানিতে হেলে ও নুইয়ে পড়েছে। জমিতে পানি ও কাদা জমে থাকায় কাটা ধান শুকানো এবং নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। মাঠে পড়ে থাকা ধান নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন কৃষকেরা। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

চিওড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইউসুফ মজুমদার জানান, আমন ধান কাটার মৌসুম শুরু হয়েছিল। এরই মধ্যে টানা তিন দিনের বৃষ্টিতে অনেক জমির পাকা ধান নুইয়ে পড়েছে। কাটা ধান মাঠে পড়ে থাকায় তা শুকানো ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। বৃষ্টি ও কাদার কারণে ধান কাটতে এবং পরিবহন করতে বাড়তি খরচও হচ্ছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক কাজী আবুল কালাম, মো. এয়াছিন, সারপটির আবদুল কাদের মোল্লা, পাতড্ডার আবদুর রহিম, বেরলার মোহাম্মদ হারুন, বাতিসা ইউনিয়নের লুদিয়ারার লিটন চৌধুরী, ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলীর মো. সেলিম ও মো. ইউনুছও একই সমস্যার কথা বলেন।

কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামের কৃষক কাজী আহসান উল্লাহ বলেন, ‘৬২ শতক জমিতে আমন ধান চাষ করেছি। এর মধ্যে গত কয়েক দিনের বৃষ্টিতে ১০ শতক জমির পাকা ধান নুইয়ে পড়েছে। এতে ধানের ক্ষতির পাশাপাশি কৃষি খরচও বেড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে কৃষকদের সহযোগিতার দাবি জানাচ্ছি।’

চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদ বলেন, গত তিন দিনের বৃষ্টিতে কিছু এলাকায় পাকা আমন ধান নুইয়ে পড়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে বলে আশা করা হচ্ছে। ক্ষতি কমাতে সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।