হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ত্বকী হত্যার ১৩ বছর, আদালতে আজও জমা পড়েনি অভিযোগপত্র

সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ

তানভীর মুহাম্মদ ত্বকী। ছবি: সংগৃহীত

২০১৩ থেকে ২০২৬ সাল। মাঝে পেরিয়ে গেছে ১৩টি বছর। তবু আদালতে জমা পড়েনি অভিযোগপত্র, শুরু হয়নি বিচারকাজ। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পর যে দেশজুড়ে ক্ষোভ ও শোকের স্রোত বয়ে গিয়েছিল, তা আজও স্তিমিত হয়নি। সময়ের ব্যবধানে আরও স্পষ্ট হয়েছে বিচারহীনতার দীর্ঘ ছায়া।

নারায়ণগঞ্জের এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তাখান রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনীর শাখা খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে একই বছরের ১৮ মার্চ তিনি তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, জেলা যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙারু পারভেজ, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সালেহ রহমান সীমান্ত, রিফাত বিন ওসমানসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে সম্পূরক অভিযোগপত্র জমা দেন।

রফিউর রাব্বির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ২০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করে। এক বছরের মাথায় র‍্যাব সংবাদ সম্মেলনে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাঁদের টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে এবং অচিরেই অভিযোগপত্র দাখিল করা হবে। কিন্তু সেই অভিযোগপত্র আজও আদালতে জমা পড়েনি।

দীর্ঘ ১৩ বছরে মামলাটি ১০৩টি ধার্য তারিখ পার করেছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তদন্তে নতুন করে তৎপরতা দেখা যায়। তদন্তকারী সংস্থা র‍্যাব ছয়জনকে গ্রেপ্তার করে এবং একজনের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করে। এরপরও অভিযোগপত্র জমা না হওয়ায় হতাশ স্বজনেরা।

ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে এই হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র বন্ধ করে রাখা হয়েছিলো। র‍্যাব তদন্তে অগ্রগতি করলেও সরকারের সদিচ্ছা না থাকায় তা আটকে দেওয়া হয়। ৫ আগস্টের পর যে তৎপরতা দেখা গিয়েছিল, এখন তা নেই। তবু আশা করছি নতুন সরকারের অধীনে এই মামলার সুষ্ঠু বিচার কার্যক্রম দেখতে পাব।’

মামলার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল বলেন, ‘১০৩টি ধার্য তারিখ পেরিয়ে গেলেও আদালতে অভিযোগপত্র জমা পড়েনি। এখনো কেন বিচারকাজ শুরু হচ্ছে না, তা আমাদের বোধগম্য নয়। বর্তমান সরকারের উচিত দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু করা।’

র‍্যাব-১১-এর বর্তমান অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘গুরুত্বপূর্ণ এই মামলার তদন্তকাজ চলমান রয়েছে। তদন্ত শেষ হলেই অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দেওয়া হবে।’

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

কুবি শিক্ষক অপহরণ: অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা

প্রক্রিয়াজাতের সংকটে মানিকছড়িতে সূর্যমুখী চাষে আগ্রহ কমছে কৃষকদের

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ফটিকছড়িতে প্রধান শিক্ষক ও হিসাবরক্ষণ কর্মকর্তার হাতাহাতি

সোনারগাঁয়ে জামিনে এসে হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাটের পর অগ্নিসংযোগ

খুলনায় প্রকাশ্যে খুন: মাসুম হত্যা মিশনে অংশ নেয় ‘বি কোম্পানির’ ৮ কিলার

রাজশাহী শিক্ষা বোর্ড: বোর্ড সভার অনুমোদনেও নিয়মিত হয়নি চাকরি