হোম > সারা দেশ > ঢাকা

পেছাচ্ছে না অমর একুশে বইমেলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অমর একুশে বইমেলা-২০২৬ পেছাচ্ছে না। আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই মেলা শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এটি জানিয়েছে বাংলা একাডেমি।

একাডেমির ভাষ্য, বইমেলা আয়োজনের ৬০ ভাগ কাজ সম্পন্ন। তা ছাড়া এপ্রিল মাসে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বইমেলা আয়োজন বাস্তবসম্মত নয়।

বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু না করে ঈদের পরে করার জন্য আবেদন করেছিলেন বেশ কিছু প্রকাশক। গত ২ ফেব্রুয়ারি তাঁরা জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। এরপরেই বাংলা একাডেমি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে (ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলায়) সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এ বছর বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু করা সম্ভব হয়নি। বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে। এই লক্ষ্যে ইতিমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বইমেলা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

সেলিম রেজা জানান, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টল ভাড়া শতকরা ২৫ ভাগ কমানো হয়েছে। যদিও বইমেলা আয়োজনের সার্বিক ব্যয় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বইমেলা সংক্রান্ত সব আয়োজন সম্পন্ন হয়েছে। বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। সরকারের কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পাওয়া গেছে। স্টল নির্মাণ কার্যক্রম চলছে। বইমেলার আলোচনা ও সাংস্কৃতিক কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে। সম্ভাব্য আলোচক ও প্রবন্ধকারদের চিঠিও দেওয়া হয়েছে।

ঈদের পরে বইমেলা আয়োজন বাস্তবসম্মত নয় জানিয়ে সেলিম রেজা বলেন, ‘বইমেলার আয়োজনের কাজ যখন ৬০ ভাগ সম্পন্ন, তখন কিছু প্রকাশক ঈদের পরে বইমেলা আয়োজন করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন। আমরা প্রকাশকদের বক্তব্য শুনেছি। তাঁদেরকেও বলা হয়েছে কেন ঈদের পর বইমেলা আয়োজন করা কঠিন। তখন এপ্রিল মাস এসে যাবে। এপ্রিল মাসে প্রচণ্ড তাপদাহ থাকে। ধুলোবালির উপদ্রব বাড়ে। কালবৈশাখীসহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকে। এই সময় মাসব্যাপী বইমেলার আয়োজন করা বাস্তবসম্মত নয়।’

সংবাদ সম্মেলনে বলা হয়, সামগ্রিক বাস্তবতার আলোকে আগামী ২০ ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু হবে। ভিন্নমত প্রকাশকারী প্রকাশকদের চ্যালেঞ্জ থাকলেও বইমেলায় অংশ নিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানুষ এখন সচেতন, ভয় পেয়ে ঘরে বসে থাকতে চায় না: হাসনাত আবদুল্লাহ

খুলনা-৫ আসনের ৫২ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ: দাবি জামায়াতের প্রার্থীর

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টে দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০

নেত্রকোনায় ড্রেন থেকে অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

লন্ডনি মুফতি ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন: রাশেদ প্রধান

ডিবির গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৪

দেশ ও জাতির জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: বরগুনায় নৌপ্রধান

ভোলায় দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়েছে অর্ধশত কক্ষ

শ্রীপুরে দিনদুপুরে রাস্তায় গার্মেন্টস কর্মীকে কুপিয়ে খুন, সাবেক স্বামী আটক