হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের সুনাম-দুর্নাম এসআইদের ওপর নির্ভর করে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ মো. সাজ্জাত আলী। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম সাব-ইন্সপেক্টরদের (এসআই) কাজের ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ মঙ্গলবার সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) ও প্রবেশনার সাব-ইন্সপেক্টরদের (পিএসআই) জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং সেশন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

ঢাকা মহানগরবাসীর প্রতি পুলিশ বাহিনীর দায়িত্বশীলতা, পেশাদারত্ব ও সেবার মান বাড়ানোর লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।

জুলাই আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তদন্তপ্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে কমিশনার বলেন, ‘তদন্ত একটি জটিল, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। আপনারা যেন তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও ন্যায়সংগতভাবে সম্পন্ন করেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বর্তমানে আদালতে জমা দেওয়া চার্জশিটের তুলনায় সাজার হার কম। এই হার বাড়াতে তদন্তের মান উন্নত করতে হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে।’

অনুষ্ঠানে এসআইদের উদ্দেশে অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ বলেন, ‘আপনাদের নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। তাই আপনাদেরও দায়িত্ব পালনে স্বচ্ছতা ও সততা বজায় রাখতে হবে। নিজের আয়ের সীমাবদ্ধতার মধ্য থেকে সংসার পরিচালনা করুন এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন।’

তিনি আরও বলেন, ‘আমরা চাকরিতে এসেছি জীবিকার জন্য, পরিবার ও সমাজের জন্য এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য। অন্যরা কী করছে, তা না দেখে নিজেদের দায়িত্ব মনোযোগ দিয়ে পালন করতে হবে।’

ডিএমপিতে কর্মরত ২ হাজার ৩৪৪ জন এসআইদের মধ্যে প্রথম ধাপে ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। নগরবাসীর জন্য পুলিশি সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সব সাব-ইন্সপেক্টর ও প্রবেশনার সাব-ইন্সপেক্টরকে ব্রিফিং দেবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি