হোম > সারা দেশ

চট্টগ্রামে যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে এক নববধূকে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় নববধূর শ্লীলতাহানি এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার কালাবিবির দীঘি এলাকায় একটি অফিসে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর ভাই মো. ইকবাল হোসেন এই অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওই নারীর বাবা-মা ও অত্মীয়-স্বজন।

সংবাদ সম্মেলনে বিয়ের তিন দিন পর নববধূকে রেখে পালিয়ে যাওয়া স্বামী মো. তৌহিদুল ইসলাম এবং জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৯ অক্টোবর ১০ লাখ টাকা দেনমোহরে মেয়েটির সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে কনের পরিবারের প্রায় ৯ লাখ টাকা খরচ হয়। কিন্তু বিয়ের পর থেকেই মায়ের প্ররোচনায় তৌহিদুল আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন।

যৌতুকের দাবি মেটাতে অপারগতা প্রকাশ করায় ৮ নভেম্বর দুপুরে নববধূকে এলোপাতাড়ি মারধর করে জখম করা হয়। ঘটনার পরদিন ৯ নভেম্বর নববধূর ভাই মো. ইকবালসহ স্বজনেরা শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের কারণ জানতে চাইলে আসামিরা তাঁদের গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে স্বজনদের উপস্থিতিতেই নববধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।