হোম > সারা দেশ > গাজীপুর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চালকদের, কাভার্ড ভ্যানচালককে পুলিশের মারধরের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন গাড়িচালকেরা। আজ বিকালে শ্রীপুরের জৈনা বাজার এলাকার আহম্মদ ফিলিং স্টেশনের সামনে। ছবি আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের এক চালককে পুলিশের মারধরের অভিযোগ তুলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পরিবহনের চালকেরা। এতে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ বুধবার বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে বিক্ষোভ চলছিল।

এর আগে দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজারের আহম্মদ ফিলিং স্টেশন এলাকায় চালককে মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিক্ষোভকারী কাভার্ড ভ্যানচালক মনিরুল ইসলাম বলেন, জ্বালানি তেল নেওয়ার জন্য কাভার্ড ভ্যানের চালক মো. রিয়াজ উদ্দিন মহাসড়কঘেঁষে সিরিয়ালে গাড়ি রেখে নামাজে যান। এ সময় হাইওয়ে পুলিশ এসে তাঁর গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। চালক এসে বাধা দিলে মোটা একটি বাঁশের লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মেরে গুরুতর আহত করে। চালক মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের চালকেরা এগিয়ে এসে প্রতিবাদ করেন। তাৎক্ষণিকভাবে অনেক চালক জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে রাস্তায় শত শত চালক রয়েছেন।

সিএনজিচালিত অটোরিকশাচালক আকমল বলেন, ‘হাইওয়ে পুলিশ আমাদের ওপর সব সময় অন্যায় করে আসছে। আমাদের একজন চালককে অনেক মারধর করেছে। আহত চালকের অবস্থা গুরুতর। তাকে মাওনা চৌরাস্তার একটি ক্লিনিক থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও দুজন চালককে অনেক লাঠিপেটা করা হয়েছে।’

স্থানীয় ব্যবসায়ী মকবুল হোসেন বলেন, চালককে নির্দয়ভাবে মারা হয়েছে। পুলিশ অন্যায়ভাবে ওই চালককে মারধর করেছে। এর প্রতিবাদে শত শত চালক রাস্তা অবরোধ করে রেখেছেন।

ইমাম পরিবহনের চালক সালাম বলেন, ‘দুপুর দেড়টা থেকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে। বাসে ছোট্ট শিশু, বৃদ্ধ মানুষ রয়েছে, তাদের অনেক কষ্ট হচ্ছে।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মহাসড়কের লেন দখল করে গাড়িগুলো জ্বালানি নেওয়ার জন্য লাইন ধরে। মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার সময় চালকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। মারধরের বিষয়টি সঠিক নয়। বেলা ১টার কিছু সময় থেকে সড়ক অবরোধ রয়েছে। তাঁদের রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে।

সীতাকুণ্ডে পাহাড় কাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করলেন গাড়িচালকেরা

খুলনায় হামের প্রকোপ বাড়ছে, ৩ মাসে উপসর্গ নিয়ে ভর্তি ৩৬২

সরকারি হাসপাতালের চিকিৎসক-নার্সদের নির্বাচনী মিছিল, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে ৫ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ

পিরোজপুরে পানিসংকট সমাধানে পৌরসভার সামনে অবস্থান

গণপরিবহনে শৃঙ্খলা আনতে ‘ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা’ দাবি মালিক সমিতির

ত্রিশালে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পাম্প থেকে ৫৮ হাজার লিটার জ্বালানি তেল গায়েব, বিএনপি নেতা বহিষ্কার

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থী সংঘর্ষ, জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ