বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পরিবারকেন্দ্রিক রাজনীতি ‘রাজার ছেলে রাজা’-এই ধারার অবসান ঘটাতে হবে। একজন শ্রমিকের সন্তান যদি মেধাবী হয়, রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে। তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী উঠে আসুক, এটাই স্বপ্ন।
আজ মঙ্গলবার বিকালে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ১১ দলীয় জোটের জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। সমাবেশে মায়ের সম্মান, শ্রমিকের অধিকার, নারীর মর্যাদা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘জীবন দেবো, কিন্তু মায়ের সম্মান নিয়ে কাউকে টানাটানি করতে দেবো না। যারা মায়ের গায়ে হাত তোলে, মায়ের সন্তানেরা তাদের ক্ষমা করবে না।’
জামায়াত আমির বলেন, ‘গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হলেও শ্রমিকদের শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় মারাত্মক ঘাটতি রয়েছে। শিল্প যেখানে থাকবে, পরিকল্পনাও সেখানে থাকতে হবে। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে গাজীপুরকে প্রকৃত শিল্পাঞ্চলের মর্যাদায় সাজানো হবে।’ তিনি বলেন, ‘শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিকরা চরম বৈষম্যের শিকার। একই কাজ করেও পুরুষ ও নারীর বেতন ভিন্ন—এই বৈষম্য আর চলবে না।’
নারীর মর্যাদা ও মাতৃত্ব সুরক্ষার বিষয়ে জামায়াত আমির বলেন, ‘সন্তান গর্ভে আসার পর থেকে জন্ম ও লালন-পালনের জন্য দুই থেকে আড়াই বছর নারীদের দৈনিক কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা নির্ধারণ করা হবে। বাকি সময় সন্তান পরিচর্যার জন্য বরাদ্দ থাকবে এবং সেই সময়ের বেতন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নিশ্চিত করা হবে। কারণ, সুস্থ মা ও সুস্থ শিশুই আগামী দিনের সুস্থ সমাজ গড়ে তোলে।’
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যয়নুল আবেদীন, ঢাকা উত্তর জামায়াতের অঞ্চল টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা জামায়াতের আমির ডা. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. হোসেন আলী, জেলা সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস, আজহারুল ইসলাম মোল্লা, মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাতসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জনসভায় শফিকুর রহমান গাজীপুর-১ আসনে শাহ আলম বখশী (দাঁড়িপাল্লা), গাজীপুর-২ আসনে অ্যাডভোকেট আলী নাসের খান (শাপলা কলি), গাজীপুর-৩ আসনে মাওলানা এহসানুল হক (রিকশা), গাজীপুর-৪ আসনে সালাহউদ্দিন আইউবী (দাঁড়িপাল্লা), গাজীপুর-৫ আসনে মো. খায়রুল হাসান (দাঁড়িপাল্লা) এবং নরসিংদী-২ আসনে সারোয়ার তুষারকে (শাপলা কলি) জনতার সামনে পরিচয় করিয়ে দেন।