হোম > সারা দেশ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে হামলা, ডিএনসিসির তিন গাড়িতে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মিরপুর ১০ নম্বরে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় ডিশ লাইনের কেবলের তার খুলে ফেলা হচ্ছিল। একপর্যায়ে সেখানকার বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরও ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর বিক্ষুব্ধ হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হকারদের সংঘর্ষ শুরু হয়। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

মিরপুর ১০ নম্বরে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১৪ নম্বরের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ওই সড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।