হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জেলার সংবাদকর্মীরা। আজ রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য, সংবাদকর্মী ও সচেতন নাগরিকেরা অংশ নেন। বক্তারা সাত কর্মদিবসের মধ্যে অভিযুক্ত কর্মচারীকে বরখাস্তের দাবি জানান। অন্যথায় মুন্সিগঞ্জের প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের সংবাদ প্রকাশ বন্ধ রাখার ঘোষণা দেন তাঁরা।

সাংবাদিকেরা জানান, মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোগ্রাফার মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় এনটিভির মুন্সিগঞ্জ স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সিগঞ্জের সময় পত্রিকার প্রকাশক-সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার মুন্সিগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলাকে হয়রানিমূলক ও মিথ্যা দাবি করেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩৮ বছর ধরে একই কর্মস্থলে থেকে ওই কর্মচারী ঘুষ ও অনিয়মের রাজত্ব কায়েম করেছেন। জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক তাঁর দুর্নীতির শিকার হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু বলেন, ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশের প্রায় এক মাস পার হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে জেলার সব দপ্তরের সংবাদ প্রকাশ বন্ধ করা হবে।

সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তি একজন চিহ্নিত দুর্নীতিবাজ। দ্রুত ব্যবস্থা না নিলে মুন্সিগঞ্জের সংবাদকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে কলমবিরতিতে যাবেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি মাহাবুব আলম লিটন, জসিম উদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল, কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুর রহমান, সাহিত্য সম্পাদক নজরুল হাসান ছোটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, ভবতোষ চৌধুরী নুপুর, মামুনুর রশিদ খোকা, সুমিত সুমন, তোফাজ্জল হোসেন শিহাব, ফরহাদ মিয়া, নাজির হোসেন প্রমুখ।

পদ্মায় ফুল ভাসিয়ে শান্তি কামনা পাহাড়ি শিক্ষার্থীদের

রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি

সৌদি আরবে ভবন থেকে পড়ে মাদারীপুরের যুবকের মৃত্যু

ঝালকাঠিতে যুবককে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

মোহাম্মদপুরে গ্যাংপ্রধান ‘অ্যালেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা করল অপর গ্রুপ

সিলেটে আইনশৃঙ্খলা উন্নয়নে ৭ দিনের সময় বেঁধে দিলেন শ্রমমন্ত্রী

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিকল্প ব্যবস্থা না করায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা

ওয়াসার সাবেক এমডি সালামকে দুদকের জিজ্ঞাসাবাদ

সরকারের নিস্পৃহতায় সহিংসতা বাড়ছে: গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলা, যুবক রিমান্ডে