হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত তারেকের দাফন চট্টগ্রামে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে তারেক আলীর জানাজার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান। ছবি: আজকের পত্রিকা

মধ্যপ্রাচ্যের বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি এস এম তারেক আলীকে চট্টগ্রামে দাফন করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে নগরীর হালিশহরের ঈদগাঁ বউবাজার দুলহান কমিউনিটি সেন্টার-সংলগ্ন ফজুমিয়া কন্টাক্টর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে গতকাল শুক্রবার তারেক আলীর লাশ দেশে পৌঁছায় এবং পরিবারের কাছে হস্তান্তরের পর আজ সকালে চট্টগ্রাম নগরে আনা হয়। দীর্ঘ ২৭ বছর প্রবাসে হাড়ভাঙা খাটুনি শেষে নিথর দেহে পরিবারের কাছে ফেরেন তিনি।

জানা গেছে, গত ২ মার্চ ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বাহরাইনে পড়লে তারেক আলীর মৃত্যু হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তবে তাঁর পরিবার নগরীর হালিশহরে বসবাস করে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। প্রায় দেড় বছর আগে তিনি শেষবারের মতো দেশে এসেছিলেন।

তারেক আলী ২৭ বছর ধরে বাহরাইনে ছিলেন। দেশটির রাজধানী মানামার কাছে ‘ড্রাইডক’ নামের একটি শিপইয়ার্ডে কাজ করতেন তিনি।

জানাজার আগে স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, ‘প্রবাসে কঠোর পরিশ্রম করে তারেক আলী পরিবার ও স্বজনদের জন্য কাজ করে গেছেন। তারেকের সন্তান বর্তমানে কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়ছে। সে বাবার সঙ্গে সময় কাটাতে চেয়েছিল। বাবার জন্য রান্না করে খাওয়াতে চেয়েছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে অল্প সময়ের ব্যবধানে তারেক ইন্তেকাল করেছেন।’

সাঈদ আল নোমান আরও বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের প্রতি কৃতজ্ঞ। সরকারের মানবিক উদ্যোগের কারণে এই পরিবারের পাশে বিভিন্ন পর্যায় থেকে সহযোগিতা এসেছে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে বাহরাইন থেকে মরদেহ দেশে আনার ব্যবস্থা করেছে।’

সাংসদ নোমান বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে আমি ব্যক্তিগতভাবেও এই পরিবারের পাশে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশা আল্লাহ। তাঁদের সন্তানের পড়াশোনার বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে দেখব এবং এলাকাবাসীকেও পাশে থাকার আহ্বান জানাই।’

সাঈদ আল নোমান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এক বিষয়ে ৫ বার ফেল, মেডিকেল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

যশোর গণহত্যা দিবস: শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ

বগুড়ায় নিজ ঘরে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া: হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ২৭ রোগী চিকিৎসাধীন

চাচার দায়ের কোপে যুবক নিহত

দুবাই থেকে আসছিল ৩২ লাখ টাকার অবৈধ সিগারেট, বিমানবন্দরে জব্দ

সুন্দরবনে মধু সংগ্রহের অভিযোগ, ৭ মৌয়াল আটক

দুই দশক পর ত্রিশালে জাতীয়ভাবে হবে নজরুলজয়ন্তীর আয়োজন, উদ্বোধন করবেন তারেক রহমান

সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক

শতাধিক ছাগলের মৃত্যু: নরসিংদীর গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প