মুন্সিগঞ্জের শ্রীনগরে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে জিসান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাঁও গ্রামে এই পাশবিকতার ঘটনা ঘটে। অভিযুক্ত জিসান ওই গ্রামের মনির হোসেনের ছেলে। অভিযোগ উঠেছে, ঘটনার দিন ওই শিশুটিকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন জিসান।
পর শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি প্রকাশ করে দেয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, ঘটনার পরপরই গ্রামবাসী জিসানকে আটক করেছিল। তবে তাঁর বাবা মনির হোসেন কৌশলে তাঁকে ছিনিয়ে নিয়ে এলাকা থেকে পালিয়ে যান। পরে পুলিশি অভিযানে অভিযুক্ত জিসানকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মা-বাবার বিচ্ছেদ হয়ে যাওয়ায় শিশুটি তার মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। অত্যন্ত দরিদ্র মা অনেক কষ্টে মেয়েটিকে বড় করছিলেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। শিশুটির চিকিৎসার বিষয়েও খোঁজখবর রাখা হচ্ছে।