নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। এতে অবৈধভাবে নির্মিত ৩৫টি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। তাঁদের সঙ্গে থানা-পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় নির্মিত ৩৫টি দোকান আজ উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গায় থাকা এসব অবৈধ স্থাপনা অপসারণে অভিযান অব্যাহত থাকবে।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র বলেন, ‘আমরা উদ্যোগ নিয়েছি। সওজের জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’