হোম > বিশ্লেষণ

ট্রাম্পের ইরান যুদ্ধের সম্ভাব্য তিন পরিণতি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: দ্য ক্রেডল

মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ গতকাল সোমবার পেন্টাগন থেকে ঘোষণা করেছেন, ‘আমরা এই যুদ্ধ ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” শর্তেই শেষ করব।’ কিন্তু এই দম্ভোক্তি ২০০১ সালে জর্জ ডব্লিউ বুশের দেওয়া সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়, যা আমেরিকাকে দুই দশকের রক্তক্ষয়ী যুদ্ধে আটকে দিয়েছিল। সিএনএনের স্টিফেন কলিনসনের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের এই ‘ইরান জুয়া’ একদিকে যেমন কৌশলগত মহাবিজয় এনে দিতে পারে, তেমনি এটি মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী নরকেও পরিণত করতে পারে।

স্টিফেন কলিনসনের দৃষ্টিতে এই যুদ্ধের গতিপ্রকৃতি বিশ্লেষণ করলে সম্ভাব্য তিনটি পরিণতি ফুটে ওঠে। প্রথমত, মহাবিজয়। কয়েক দিনের বিমান হামলার ফলে ইরানের দমনমূলক কাঠামো ভেঙে পড়বে এবং সাধারণ মানুষ রাজপথে নেমে এক নতুন ও মুক্ত ইরানের জন্ম দেবে। এটি পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বদলে দিতে পারে। কিন্তু সময় যত গড়াচ্ছে, সেই সম্ভাবনার দ্বার ততই রুদ্ধ হয়ে আসছে।

দ্বিতীয়ত, অসম্পূর্ণ বিজয়। শাসনব্যবস্থা হয়তো টিকে থাকবে, কিন্তু ইরানের পারমাণবিক, ক্ষেপণাস্ত্র এবং নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলের জন্য এটি সন্তোষজনক হলেও ভবিষ্যতে ইরানকে পুনরায় শক্তি সঞ্চয়ের সুযোগ সৃষ্টি করবে। ফলে ভবিষ্যতে আবারও যুদ্ধের প্রয়োজন হতে পারে।

তৃতীয়ত, চরম বিপর্যয়। ইরানের অবস্থা হবে লিবিয়ার মতো। একটি শক্তিশালী একনায়কতান্ত্রিক কাঠামো ধ্বংস হওয়ার পর সেখানে ক্ষমতার শূন্যতা তৈরি হবে। ফলে গৃহযুদ্ধ, শরণার্থী সংকট এবং ইরানের ইউরেনিয়াম মজুত উগ্রপন্থীদের হাতে চলে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

কলিনসন বলছেন, ট্রাম্প প্রশাসন কেন যুদ্ধে গেল, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারছে না। কখনো বলা হচ্ছে ‘রেজিম চেঞ্জ’, কখনো ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ’, আবার কখনো ‘সন্ত্রাসবাদের প্রতিশোধ’। লক্ষ্য যখন অস্পষ্ট থাকে, তখন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার এবং চোরাবালিতে আটকে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।

ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই যেখানে কেবল আকাশপথে আক্রমণ বা অভিযান চালিয়ে একটি স্থিতিশীল ও নতুন সরকার গঠন করা গেছে। ট্রাম্প স্থল অভিযান এড়াতে চাইলেও মাটির নিয়ন্ত্রণ ছাড়া শাসনব্যবস্থার পরিবর্তন করা প্রায় অসম্ভব।

ইরান এখন তাদের অস্তিত্বের লড়াইয়ে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধে’ নেমেছে। কুইন্সি ইনস্টিটিউটের ত্রিতা পার্সি মনে করেন, ইরানের কৌশল এখন যুদ্ধ জয় নয়, বরং ট্রাম্পের প্রেসিডেন্সি ধ্বংস করা। তারা যত বেশি যুদ্ধ দীর্ঘায়িত করতে পারবে, ট্রাম্পের জনপ্রিয়তা তত কমবে।

অপর দিকে ইরান শক্তিহীন হলে রাশিয়া ও চীনের ‘পশ্চিমবিরোধী অক্ষশক্তি’ দুর্বল হয়ে পড়বে। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ও মিসাইল সরবরাহ বন্ধ হওয়া মস্কোর জন্য বড় ধাক্কা হবে।

এদিকে সিএনএনের নতুন জনমত জরিপ অনুযায়ী, ৬০ শতাংশ আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে। বিশেষ করে তেলের দাম বাড়লে এবং মুদ্রাস্ফীতি দেখা দিলে ট্রাম্পের নিজের সমর্থকগোষ্ঠী (মাগা) তাঁর ওপর ক্ষুব্ধ হতে পারে।

সুতরাং, পিট হেগসেথ আশ্বাস দিলেও, যুদ্ধের শেষটা কেউ জানে না। ট্রাম্প হয়তো খামেনিকে হত্যা করে একটি বড় জয় পেয়েছেন, কিন্তু ইরানের মতো একটি জটিল সমাজ ও শাসনব্যবস্থাকে ধ্বংস করার পর সেখানে কী গড়ে উঠবে, তার কোনো পরিকল্পনা হোয়াইট হাউসের কাছে নেই। ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের বাস্তবতা প্রায়ই ওয়াশিংটনের কল্পনার বাইরে চলে যায়।

যুক্তরাজ্যের অনুমতিতে ইরানে হামলায় মার্কিন বোমারু শক্তি ‘চার গুণ’ বাড়ছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে ঘড়ি—কিন্তু সময় ইরানের পক্ষে

খামেনি নেই, ইরানের নাটাই এখন কার হাতে

ইরানে আর শাসকশ্রেণির পরিবর্তন চান না ট্রাম্প, শাসকদের আচরণ পরিবর্তন হলেই খুশি

লারিজানি-হাসান রুহানিদের পথে যাবে ইরান, নাকি খামেনির আপসহীন নীতিতে থাকবে অটল

খামেনি নন, নাটের গুরু আইআরজিসি—বোঝেননি ট্রাম্প

ইরান এবার মনস্তাত্ত্বিক যুদ্ধে নেমেছে, কতক্ষণ লড়তে পারবেন ট্রাম্প

যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল

ইরান হামলায় যুক্তরাষ্ট্র কী কী অস্ত্র ব্যবহার করছে, ব্যয় অবিশ্বাস্য

হরমুজ প্রণালি বন্ধ: মধ্যপ্রাচ্য সংঘাত মোড় নিচ্ছে জ্বালানি যুদ্ধে, বৈশ্বিক মন্দার পদধ্বনি