আগামী ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। অথচ মেয়াদ শেষ হওয়ার মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি। বাংলাদেশ একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। সর্বশেষ গত ১৭ নভেম্বর দেশটির পানিসম্পদমন্ত্রী চিঠি দিয়ে এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার অনুরোধ জানান। কিন্তু কারিগরি পর্যায়ের আলোচনা ছাড়া এ বিষয়ে দিল্লির তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পানি চুক্তির মেয়াদ শেষ হতে দেওয়া হবে ভারতের তরফ থেকে এক বড় কৌশলগত ভুল। প্রচলিত ধারণার বিপরীতে, এই চুক্তির মেয়াদ শেষ হলে বাংলাদেশের চেয়ে ভারতের ক্ষতিই বরং অনেক বেশি হতে পারে। এ কথা নিঃসন্দেহে সত্য যে, বাংলাদেশের জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাটির দেশ হওয়ায় উজানে ভারতের পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ সব সময় ঝুঁকির মধ্যে থাকে। বিশেষ করে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি কৃষি, মৎস্যসম্পদ, নৌপরিবহন এবং নাজুক প্রাকৃতিক পরিবেশ টিকিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি। তবে চুক্তি নবায়ন করলেই বাংলাদেশ যে উল্লেখযোগ্য পরিমাণে বেশি পানি পাবে, তার নিশ্চয়তা নেই।
উজানে পানি প্রত্যাহার, পানির ক্রমবর্ধমান চাহিদা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নদীটির পানিপ্রবাহের ধরন অনেকটাই বদলে গেছে। অন্যদিকে, ভারত এমন কিছু হারানোর ঝুঁকিতে রয়েছে, যার মূল্য ধরে রাখা পানির চেয়েও বেশি। সেটি হলো অর্থনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতার সুবিধা।
তবে পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে হলে ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির মৌলিক বিষয়গুলো জানা জরুরি। ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তি দক্ষিণ এশিয়ার পানি কূটনীতিতে ছিল এক অসাধারণ অর্জন। ভারতের প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ভারতের ফারাক্কা বাঁধ নিয়ে দীর্ঘদিনের তিক্ত বিরোধের অবসান ঘটে।
কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে হুগলি নদীতে পানি প্রবাহ বাড়ানোর উদ্দেশ্যে ফারাক্কা বাঁধ নির্মাণ করেছিল ভারত। কিন্তু এই বাঁধের মাধ্যমে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের ভাটির অঞ্চলে পরিবেশ ও অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিল ঢাকা।
১৯৯৬ সালের চুক্তিটি ছিল একটি বিশেষ ধরনের দূরদর্শী সমঝোতা। নদীর বর্তমান পানিপ্রবাহ নিয়ে মতবিরোধের কারণে আলোচনা ভেস্তে যেতে পারে, এমন আশঙ্কা থেকে দুই সরকার ভিন্ন পথ বেছে নেয়। তারা ১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত নদীর পানিপ্রবাহের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে পানি বণ্টনের একটি সূত্র মেনে নেয়।
এই রাজনৈতিক সমঝোতা প্রমাণ করেছিল, নদীর পানিপ্রবাহ নিয়ে সব অনিশ্চয়তা দূর না করেও দুই দেশের মধ্যে সহযোগিতা সম্ভব। চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর পানির হিসাব করে দুই দেশের মধ্যে বণ্টনের ব্যবস্থা করা হয়। তবে সব পরিস্থিতিতে বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার নিশ্চয়তা এতে ছিল না। একই সঙ্গে পুরো নদী অববাহিকার সমন্বিত ব্যবস্থাপনার বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি।
তিন দশক পর এসে ফারাক্কা বাঁধে পানির প্রাপ্যতা নিয়ে চুক্তিটির মূল অনুমানগুলো টিকিয়ে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। সেচের সম্প্রসারণ, শিল্পকারখানায় পানির চাহিদা বৃদ্ধি এবং উজানে পানি প্রত্যাহারের কারণে নদীটির ওপর চাপ বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ধরন এবং হিমালয়ের পানিপ্রবাহেও পরিবর্তন আসছে। ফলে বছরের বিভিন্ন সময়ে নদীতে কতটা পানি পাওয়া যাবে, তা আগের তুলনায় কম অনুমানযোগ্য হয়ে উঠেছে। অতীতের পানিপ্রবাহের তথ্য ভবিষ্যতে পানির সরবরাহ নিশ্চিত করতে পারে না।
এ কারণে বাংলাদেশ নতুন করে চুক্তি করলেও বাস্তবে উল্লেখযোগ্য পরিমাণে বেশি পানি নাও পেতে পারে। কারণ, বণ্টনের সূত্রে বেশি পানি বরাদ্দ দেখালেই ফারাক্কায় পানির পরিমাণ বেড়ে যাবে না। সেখানে যে পানি নেই, তা কোনো চুক্তির মাধ্যমেই তৈরি করা সম্ভব নয়।
ভারতের জন্য এই চুক্তির গুরুত্ব আরও অনেক বেশি। আন্তর্জাতিক সংস্থা অক্সফামের জন্য সাজিদ করিমের সঙ্গে করা এক গবেষণায় আমি (অশোক সোয়াইন) হিসাব করেছিলাম, পর্যাপ্ত সহযোগিতার অভাবে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার দেশগুলো সম্মিলিতভাবে প্রতিবছর অন্তত ১৪ দশমিক ২ বিলিয়ন বা ১ হাজার ৪২০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়ছে।
অঞ্চলটির বৃহত্তম অর্থনীতি হিসেবে এই সহযোগিতার ঘাটতি দূর করতে ভারতের অর্থনৈতিক স্বার্থও অনেক বড়। এই হিসাব দেখিয়ে দেয়, অভিন্ন নদীগুলোকে সম্মিলিত উন্নয়নের মাধ্যম হিসেবে ব্যবহার না করে জাতীয় নিয়ন্ত্রণের হাতিয়ার বানানোর ফলে কী বিপুল সম্ভাবনা নষ্ট হচ্ছে। এই নদী অববাহিকাগুলোকে ঘিরে সমন্বিত জলবিদ্যুৎ উৎপাদন, সেচব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ, নৌপরিবহন, পরিবেশ পুনরুদ্ধার এবং আঞ্চলিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা রয়েছে।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের নদীপথ, বন্দর ও পরিবহন নেটওয়ার্ক ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে নদী ব্যবস্থাপনায় সহযোগিতা থাকলে বন্যার ক্ষয়ক্ষতি কমানো, শুষ্ক মৌসুমে পানির সরবরাহ আরও নির্ভরযোগ্য করা এবং এমন কিছু বিনিয়োগের সুযোগ তৈরি করা সম্ভব, যা এককভাবে কোনো দেশের পক্ষে বাস্তবায়ন করা কঠিন।
জলবায়ু পরিবর্তনের কারণে পানিপ্রবাহ নিয়ে অনিশ্চয়তা যত বাড়ছে, বিচ্ছিন্নভাবে নদী ব্যবস্থাপনার অর্থনৈতিক ব্যয়ও তত বাড়ছে। ভারতের যেমন এই সহযোগিতায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে, তেমনি তা থেকে লাভবান হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। কিন্তু গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে দেওয়ার অর্থ হবে ঠিক এর উল্টো বার্তা দেওয়া।
এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার রাজনৈতিক পরিণতিও সমানভাবে ক্ষতিকর হতে পারে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। হাসিনার ভারতে অবস্থান অব্যাহত থাকা, সংখ্যালঘু ও অভিবাসন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, বাণিজ্যিক বিধিনিষেধ এবং দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন বিদেশি অংশীদারত্বের পরিধি বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ঢাকার কূটনৈতিক সিদ্ধান্তগুলো নিয়ে ক্রমেই অস্বস্তিতে পড়ছে বলে মনে হচ্ছে।
এমন পরিস্থিতিতে গঙ্গার পানি বণ্টন চুক্তি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। রাজনৈতিক মতবিরোধের বাইরে গিয়ে ভারত অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করতে পারে কি না, সেটিই এখানে বড় প্রশ্ন। পানি বণ্টনের বিষয়টি লাখো মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। কোন সরকার ক্ষমতায় রয়েছে, তার ওপর মানুষের এই প্রয়োজন নির্ভর করে না। দ্বিপক্ষীয় রাজনৈতিক উত্তেজনার সঙ্গে পানি চুক্তিকে জড়িয়ে ফেললে বাংলাদেশে এই ধারণা আরও জোরালো হবে যে, ভারত উজানের দেশ হিসেবে নিজের ভৌগোলিক সুবিধাকে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
ভারতের ফারাক্কা বিরোধের ইতিহাস মনে রাখা উচিত। ১৯৯৬ সালের আগে বাংলাদেশ বারবার এই বিরোধকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিল। এমনকি জাতিসংঘেও বিষয়টি উত্থাপন করেছিল। এবার চুক্তির মেয়াদ শেষ হলে ঢাকা আবারও আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন চাইতে পারে। অভিন্ন নদীর পানির ন্যায্য ব্যবহারের নীতির ভিত্তিতে বাংলাদেশের এই উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।
এ ধরনের কৌশল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জন্য অভ্যন্তরীণ রাজনীতিতেও জনপ্রিয়তা পেতে পারে। কারণ, পানির সংকট নিয়ে উদাসীন থাকা কিংবা ভারতের সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করার মতো অবস্থানে বাংলাদেশের কোনো নেতার পক্ষে থাকা সম্ভব নয়। এতে দিল্লি এমন একটি বিরোধকে দীর্ঘস্থায়ী কূটনৈতিক সংঘাতে রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করবে, যা সহজেই সামাল দেওয়া সম্ভব ছিল।
এখানে চীন আরেকটি কৌশলগত জটিলতা তৈরি করছে। ইয়ারলুন সাংপো নদীতে চীনের বিদ্যমান ও পরিকল্পনাধীন বিশাল জলবিদ্যুৎ প্রকল্পগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে। এই নদীই ভাটিতে এসে ব্রহ্মপুত্র নাম ধারণ করেছে। চীনের এসব প্রকল্পের কারণে পানির প্রাপ্যতা, পলি প্রবাহ, পরিবেশগত প্রভাব এবং নদীর পানিপ্রবাহসংক্রান্ত তথ্যের স্বচ্ছতা নিয়ে ভারতসহ ভাটির দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারত যথার্থ কারণেই চীনের কাছ থেকে পানি বণ্টনের বিষয়ে আরও বেশি সহযোগিতা চায়। কিন্তু একই নদী অববাহিকায় বাংলাদেশের ভাটির পানির উদ্বেগ উপেক্ষা করে বেইজিংয়ের কাছে দায়িত্বশীল উজানি আচরণের দাবি দিল্লি কতটা বিশ্বাসযোগ্যভাবে তুলতে পারবে? উজানে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির জবাবে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানো, সম্পর্কের দূরত্ব বাড়ানো নয়।
হিমালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, মৌসুমি বায়ুর পরিবর্তন এবং ভয়াবহ বন্যার ঝুঁকির মতো বিষয়গুলোতে ভারত ও বাংলাদেশ উভয়ই একই ধরনের বিপদের মুখে রয়েছে।
দুই দেশের মধ্যে যৌথ পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা এবং সমন্বিত কূটনৈতিক উদ্যোগ থাকলে আন্তর্জাতিক পর্যায়ে তাদের দর-কষাকষির সক্ষমতা বাড়বে। গঙ্গার পানি নিয়ে বিরোধের কারণে দুই দেশের সম্পর্ক ভেঙে পড়লে এমন সহযোগিতার জন্য যে পারস্পরিক আস্থা প্রয়োজন, সেটিও নষ্ট হবে।
এতে বাংলাদেশে চীনের জন্য নতুন কূটনৈতিক সুযোগও তৈরি হবে। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বজায় রাখার অনেক কারণ রয়েছে। তবে পানি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের সহযোগিতার অভাব ঢাকার মধ্যে দিল্লির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার বিরোধিতাকারীদের যুক্তিকে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশকে অন্য দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানো থেকে ভারত আটকাতে পারবে না। তবে ভারতের সঙ্গে সহযোগিতাকে এতটাই লাভজনক করে তুলতে পারে, যাতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর উদ্যোগ দিল্লি থেকে কৌশলগত দূরত্ব তৈরির প্রচেষ্টায় পরিণত না হয়।
চতুর্থ যে পরিণতির কথা বিবেচনা করা প্রয়োজন, তা হলো আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি। ২০২৫ সালের এপ্রিল থেকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত রেখেছে নয়াদিল্লি। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত এই সিদ্ধান্ত নেয়। ভারতের নিরাপত্তাসংক্রান্ত যুক্তি যা-ই হোক না কেন, যুদ্ধ ও কয়েক দশকের বৈরিতা সত্ত্বেও টিকে থাকা একটি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত আন্তর্জাতিক পানি সহযোগিতার প্রতি ভারতের অঙ্গীকার নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
এবার গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে দেওয়া হলে এবং এর পরিবর্তে বিশ্বাসযোগ্য কোনো ব্যবস্থা না করা হলে সেই উদ্বেগ আরও বাড়বে। সিন্ধু ও গঙ্গা চুক্তির আইনি এবং রাজনৈতিক পরিস্থিতি এক নয়। তবে দুটি ঘটনার সম্মিলিত প্রভাব ভারতের জন্য ক্ষতিকর হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হতে পারে যে, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক অঙ্গীকার বজায় রাখতে ভারত ক্রমেই অনিচ্ছুক হয়ে উঠছে।
এ ধরনের ভাবমূর্তি দায়িত্বশীল বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভারতের আকাঙ্ক্ষাকে দুর্বল করবে। একই সঙ্গে চীনের উজানের কর্মকাণ্ডের সমালোচনা করার সময়ও ভারতের অবস্থান দুর্বল হয়ে পড়বে।
ভারতের অভ্যন্তরীণ উদ্বেগগুলোকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গের হুগলি নদী ও কলকাতা বন্দরের জন্য পানি দরকার। অন্যদিকে, বিহার রাজ্যও পলি জমা এবং ফারাক্কা বাঁধের প্রভাব নিয়ে যৌক্তিক উদ্বেগ জানিয়ে আসছে। তবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের রাজনৈতিক জটিলতা কূটনৈতিক অচলাবস্থার কারণ হতে পারে না। একইভাবে বাংলাদেশেরও উপলব্ধি করা প্রয়োজন, ১৯৯৬ সালের পানি বণ্টন পদ্ধতি হুবহু পুনরায় চালু করলেই বর্তমান সময়ের সব চ্যালেঞ্জের সমাধান হবে না।
নতুন চুক্তিতে স্বচ্ছ যৌথ পানিপ্রবাহ পরিমাপের ব্যবস্থা, পরিবেশগত সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর পরিকল্পনা, পলি ব্যবস্থাপনা এবং চরম পানিসংকট মোকাবিলার কার্যকর ব্যবস্থা থাকতে হবে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় এত অল্প সময়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি করা কঠিন হতে পারে। এ ক্ষেত্রে একটি অন্তর্বর্তী মেয়াদ বাড়ানোর ব্যবস্থা বাস্তবসম্মত বিকল্প হতে পারে। এর মাধ্যমে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলার সময় যৌথ পর্যবেক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব হবে।
১৯৯৬ সালের চুক্তি দেখিয়েছিল, রাজনৈতিক দূরদর্শিতা থাকলে ভৌগোলিক অসমতা ও পানিপ্রবাহের জটিলতা সত্ত্বেও সহযোগিতার পথ তৈরি করা যায়।
তিন দশক পর দুই দেশের হাতেই এখন আরও উন্নত বৈজ্ঞানিক তথ্য রয়েছে। একই সঙ্গে সহযোগিতার অর্থনৈতিক প্রয়োজনীয়তাও বেড়েছে। কিন্তু যে বিষয়টির অভাব রয়েছে, তা হলো রাজনৈতিক সদিচ্ছা। বিশেষ করে ভারতের দিক থেকে। বাংলাদেশের জন্য এই চুক্তির গুরুত্ব নিঃসন্দেহে অনেক। তবে নতুন করে চুক্তি করলেই শুষ্ক মৌসুমে কমে আসা পানির প্রাপ্যতা ফিরিয়ে আনা সম্ভব হবে না।
অন্যদিকে, ভারতের সম্ভাব্য ক্ষতি শুধু পানির হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা নষ্ট হওয়া, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও অবনতি, আঞ্চলিক প্রভাব কমে যাওয়া এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি।
প্রকৃত প্রশ্ন হলো, ভারত গঙ্গার পানি ভাগ করে দিতে পারবে কি না, তা নয়। বরং সহযোগিতা করতে অস্বীকার করার পরিণতি বহন করার সামর্থ্য ভারতের আছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
লেখক: অশোক সোয়াইন, সুইডেনের আপসালা ইউনিভার্সিটির পিস অ্যান্ড কনফ্লিক্ট রিসার্চের অধ্যাপক। তিনি আন্তর্জাতিক পানি সহযোগিতাবিষয়ক ইউনেসকো চেয়ার। লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল দ্য ইন্ডিয়া কেবল–এ। পরে এটি প্রকাশ করে দ্য ওয়্যার। অনুবাদ করেছেন আজকের পত্রিকার সহ–সম্পাদক আব্দুর রহমান