খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দের দিকে ‘লাপিটা’ সংস্কৃতির সমুদ্রগামী নাবিকেরা ভানুয়াতু থেকে পূর্ব দিকে যাত্রার সময় ফিজি, টোঙ্গা এবং সামোয়া দ্বীপপুঞ্জে কাভা নিয়ে আসেন। ফিজিতে এটি স্থানীয়ভাবে ইয়াকোনা নামে পরিচিতি পায়। এটি মূলত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চলের একটি গুল্মজাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের শিকড় বা মূল বেটে বা গুঁড়া করে ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে একধরনের পানীয় তৈরি করা হয়। লিখিত ইতিহাস শুরুর আগে ফিজিতে এটি সাধারণ মানুষের পানীয় ছিল না। শুধু গোত্রের প্রধান এবং পুরোহিতদের জন্য সংরক্ষিত ছিল ইয়াকোনা।
ঔপনিবেশিক সময়ে পানীয়টি ফিজির সাধারণ গ্রামবাসীর দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। প্রাচীনকালে কাভার মূল গুঁড়া করার পরিবর্তে গ্রামের তরুণ-তরুণীরা তা চিবিয়ে নরম করতেন এবং পরে পানির সঙ্গে মিশিয়ে ছাঁকতেন। নারকেলের খোল দিয়ে তৈরি ছোট বাটিতে পরিবেশন করা ইয়াকোনার স্বাদ কিছুটা মাটির মতো এবং সামান্য তিক্ত। শালীন পোশাক পরে স্থানীয় রীতি অনুযায়ী খেতে হয় পানীয়টি।
ছবি সৌজন্য: ম্যাটগাইডেন